নিউজিল্যান্ড সফরে যাচ্ছে হকি দলও
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট টিম এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে। সোমবার কিউয়িদের দেশে পা রেখেছে ভারতীয় ফুটবল দল। এবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতের হকি দলও। আগামী ১৫ নভেম্বর রওনা হবে ক্রেগ ফুলটন ব্রিগেড। এই প্রথম এক সঙ্গে তিনটি জাতীয় দল কোনো দেশে সফর করছে। দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে এই সফর। সোমবার তার জন্য ২০ জনের নাম ঘোষণা করল হকি ইন্ডিয়া। অনূর্ধ্ব-২১ ও ভারতীয় এ দলের অধিকাংশ খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এই স্কোয়াড। নিউজিল্যান্ডের মাটিতে তারা তিন ম্যাচের সিরিজ খেলবে। ১৯, ২১ ও ২২ নভেম্বর ম্যাচগুলি হবে। 

Advertisement

এদিকে, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। তবে তিনি মনে করেন, বিশ্ব পর্যায়ে সাফল্যের শীর্ষে ওঠার আগে মহাদেশে আধিপত্য বিস্তার করতে হবে। আর সেই লক্ষ্যে তিনি সফল। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর ফুলটনের তত্ত্বাবধানে দু’বার এশিয়াডে সোনা জিতেছে ভারত। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সোনা জিতেছেন হরমনপ্রীত-দিলপ্রীতরা। ফুলটন বলেন, ‘দীর্ঘদিন পর এশিয়ান গেমসে ভারতকে সাফল্য দিতে পারা আমার কাছে সম্মানের। এই অভ্যাসটাই তৈরি করতে চেয়েছিলাম।’