বিরাটের সঙ্গে কথা বলেই অবসর নেন কেন উইলিয়ামসন
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অকল্যান্ড: বছরের গোড়ায় হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। দাঁড়ি পড়েছিল ১৬ বছরের কেরিয়ারে। সেই সিদ্ধান্তের নেপথ্যে বিরাট কোহলির বড়ো ভূমিকা ছিল বলে জানিয়েছেন খোদ তিনি। এক পডকাস্টে উইলিয়ামসন বলেছেন, ‘যাঁদের ভরসা করি ও যাঁরা আমার খুব কাছের, এমন অনেকের সঙ্গেই অবসরের ব্যাপারে কথা বলছিলাম। সিদ্ধান্ত ঘোষণার ঠিক আগের দিন দুর্দান্ত কথোপকথন হয় বিরাটের সঙ্গেও। ওর সাথে কথা বলে মনে হয়েছিল যেন আয়নায় নিজেকে দেখছি। লম্বা সময় ধরে যে রকমারি অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটাই ভাগ করে নিচ্ছিলাম দু’জনে।’

Advertisement

টেস্টে উইলিয়ামসনের রান ৯৫১৫। অর্থাৎ, দশ হাজার টেস্ট রান থেকে দূরত্ব ৪৮৫ রান। কোহলিও এই মাইলস্টোনের কাছাকাছি ছিলেন টেস্ট থেকে অবসর নেওয়ার সময়। তাঁর রান ছিল ৯২৩০। সেজন্যই বিরাটের কথায় প্রভাবিত হন উইলিয়ামসন। কিউয়ি তারকা বলেছেন, ‘আমাদের জীবন যেন অনেকটাই সমান্তরাল পথে চলেছে। দীর্ঘ ক্রিকেট কেরিয়ার উভয়েরই। আমরা লম্বা সময় নেতৃত্বও দিয়েছি জাতীয় দলকে।’