Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রবিবার

রেনবো মাউন্টেন

আমাদের এই পৃথিবী সত্যিই এক বিচিত্র জায়গা। এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন। তেমনই কিছু জায়গার সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছেন কমলিনী চক্রবর্তী।

রেনবো মাউন্টেন
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমাদের এই পৃথিবী সত্যিই এক বিচিত্র জায়গা। এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন। তেমনই কিছু জায়গার সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছেন কমলিনী চক্রবর্তী।

Advertisement

পর্বত তো নয় যেন হাতে আঁকা ছবি। আরে হ্যাঁ, সত্যি বলছি, গল্পকথা মোটেও না। কিন্তু কোথায় গেলে দেখতে পাবে এই রামধনু রঙা পর্বতশ্রেণি? তার জন্য সুদূর দক্ষিণ আমেরিকার পেরু দেশে পাড়ি জমাতে হবে। পেরু থেকে আন্দিজ পর্বতের যে অংশ দেখা যায় তার বেশ খানিকটা এই রামধনু রঙে রাঙানো। 
পেরুর ভাষায় পাহাড়ের নাম ‘ভিনিকুনকা’, অর্থাৎ সাতরঙা পাহাড়। লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, সবুজ আর তুঁতে— পাহাড়ের গায়ে এই সাত রঙের এলোমেলো রেখা টানা রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় আকাশের গায়ে রামধনুর চওড়া হাসি। যুগ যুগ ধরে এই পাহাড় ছিল লোকচক্ষুর আড়ালে, সাদা বরফের মোটা চাদরে ঢাকা। ২০১৫ সালে পাহাড়ের এই অপরূপ রূপ আমাদের চোখের সামনে ধরা দিয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহ ক্রমশ গলে গিয়ে পাহাড়ের রঙিন শোভা প্রকাশিত হয়েছে। যা দেখে পর্যটকদের রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। 
বিজ্ঞানীরা বলেন, এই যে পাহাড়ের গায়ে এত রং তা নাকি সবই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। লাল রঙের পলি মাটি, ক্যালশিয়াম কার্বোনেট, আয়রন, ম্যাগনেশিয়াম সহ আরও নানারকম খনিজ পদার্থের মিলিত প্রলেপ এই রঙের মহিমা এঁকে দিয়ে গিয়েছে পাহাড়ের গায়ে। গবেষণা বলছে, প্রকৃতি এই পাহাড়ের গায়ে বিভিন্ন সময়ে খনিজের প্রলেপ লাগিয়েছে। আবার কখনও আবহবিকার ও ক্ষয়ীভবনের ফলে মাটির আস্তরণ উঠে খনিজের রং সামনে চলে এসেছে। এইভাবেই পাহাড়ের গায়ে রামধনু রং লেগেছে। প্রতিটি রঙেরই নাকি আলাদা গল্প আছে। যেমন লাল পলিমাটির সঙ্গে সাদা বালি, আর খয়েরি মাটি মিশে একটা হালকা লালচে গোপালি রঙের প্রলেপ দিয়েছে পাহাড়ের গায়ে। আবার পাহাড়ের খানিক অংশ সাদা কোয়ার্টজ পাথরের তৈরি। তার উপর ক্যালশিয়াম জমেছে যুগ যুগ ধরে। ধবধবে সাদা রঙের সেটাই কারণ। গাঢ় লাল রং এসেছে লাল পলির সঙ্গে শেল পাথরের মিশ্রণে। আবার তুঁতে, নীলচে সবুজ রংগুলো এসেছে আয়রন, ম্যাগনেশিয়াম ইত্যাদি খনিজ থেকে। সেগুলো মেটেলি খয়েরির সঙ্গে মিলেমিশে কখনও সবুজ আভা এনেছে পাহাড়ের গায়ে আবার কখনও বা তারই কিছু অংশ তুঁতে করে তুলেছে। আবার হলুদ বালির সঙ্গে সাদা ম্যাগনেশিয়াম ও মেটেলি খয়েরি পাথরের মিশেলে তৈরি হয়েছে অদ্ভুত এক হলদে রং।
ভৌগোলিক ব্যাখ্যা যা-ই হোক না কেন, প্রকৃতির এই রঙিন পাহাড় দেখলে কল্পনার রাজ্যে মন চলে যায় এক নিমেষে। যেখানে গভীর রহস্যে মোড়া এই পৃথিবীর গায়ে নানা রঙের তুলির টান দিয়ে চলেছেন অন্তর্যামী।

Advertisement
সম্পর্কিত সংবাদ