কাগজের ফুলদানি
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ঘর সাজাতে কার না ভালো লাগে বল। তোমরাও নিশ্চয়ই মা-বাবাকে ঘরের কিছু কিছু কাজে সাহায্য কর। পাশাপাশি নিজের পড়ার টেবিলও সাজিয়ে রাখ তো? পড়ার টেবিল অগোছালো রাখলে অসুবিধার মুখে পড়তে হতে পারে তোমাকেই। তাই পড়ার টেবিল পরিপাটি রাখা পড়ুয়া জীবনের অন্যতম প্রধান কর্তব্য। পড়ার টেবিল সাজানোর ক্ষেত্রে ফুলদানির জুড়ি মেলা ভার। তবে বাজার থেকে ফুলদানি কেনাই যায়। কিন্তু নিজের হাতে তৈরি করতে পারলে তার আনন্দই আলাদা। তাই তুমি নিজেই বানিয়ে নিতে পার ফুলদানি। কীভাবে বানাবে? চল, 

Advertisement

দেখে নিই। 
প্রয়োজনীয় উপকরণ
ফুলদানি তৈরির জন্য লাগবে: 
 পুরানো কার্ডবোর্ড
 খবরের কাগজ
 রঙিন কাগজ
 আঠা
 কাঁচি
 পেনসিল 
 স্কেল, রং ও তুলি 
ফুলদানি সাজাতে লাগবে:
 রঙিন ফিতা, 
 ছোটো কাগজের ফুল, পুঁতি বা গ্লিটার 
ধাপ ১:
প্রথমে কার্ডবোর্ডের ওপর পেনসিল দিয়ে ফুলদানির নকশা আঁকো। ফুলদানির জন্য দু’টি একই মাপের আকৃতি তৈরি করতে হবে। সাধারণত নীচের অংশ একটু চওড়া, মাঝের অংশ সরু এবং ওপরের মুখটি আবার কিছুটা চওড়া রাখলে ফুলদানিটি দেখতে সুন্দর হয়। এবার দু’টি নকশা কাঁচি দিয়ে কেটে নাও। এরপর কার্ডবোর্ডের সরু ফালি কেটে দু’টি আকৃতির মাঝখানে লাগিয়ে দাও। এতে ফুলদানির মতো একটি ফাঁপা কাঠামো তৈরি হয়ে যাবে। 
ধাপ ২:
এবার কার্ডবোর্ডের ওপর ফুলদানির নীচের অংশের মাপ অনুযায়ী একটি বৃত্ত আঁকো। সেটি কেটে ফুলদানির নীচে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দাও। এতে ফুলদানিটি শক্ত হবে এবং সহজে দাঁড়িয়ে থাকতে পারবে। আঠা শুকোনোর জন্য কিছুক্ষণ অপেক্ষা কর।
ধাপ ৩:
ফুলদানির কাঠামো তৈরি। এবার সাজানোর পালা। পুরানো খবরের কাগজের পাতা নিয়ে ২-৩ সেন্টিমিটার চওড়া লম্বা ফালি করে কেটে নাও। একটি কাঠি বা পেনসিলের সাহায্যে কাগজের ফালিগুলো এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত পেঁচিয়ে সরু নল তৈরি কর। শেষ প্রান্তে সামান্য আঠা লাগিয়ে আটকে দাও। এইভাবে ৩০-৪০টি কাগজের নল তৈরি করে রাখ।
ধাপ ৪:
এবার কার্ডবোর্ডের কাঠামোর গায়ে আঠা লাগিয়ে কাগজের নলগুলো পাশাপাশি বসিয়ে দাও। নীচের অংশ থেকে শুরু করে ওপরের দিকে এগবে। মাঝের সরু অংশে নলগুলো ভালোভাবে বসানোর জন্য প্রয়োজনে ছোটো করে কেটে নিতে পার। পুরো কাঠামোটি কাগজে ঢেকে গেলে আঠা শুকোতে দাও।
ধাপ ৫:
ফুলদানির ওপরের মুখ এবং নীচের অংশে রঙিন কাগজ লাগিয়ে সুন্দর বর্ডার তৈরি করে নাও। চাইলে কাগজের নলগুলো গোল করে পেঁচিয়ে ফুলদানির মুখের চারপাশে লাগানো যায়। এতে ফুলদানিটি আরও আকর্ষণীয় দেখাবে।
ধাপ ৬:
সবশেষে পছন্দমতো রং দিয়ে ফুলদানিটি সাজিয়ে নাও। রং শুকিয়ে গেলে কাগজের ফুল, পাতা, বা অন্য কোনো নকশা কেটে আঠা দিয়ে লাগিয়ে দাও। চাইলে রঙিন ফিতা ও পুঁতিও ব্যবহার করতে পার। 
ব্যস, তাহলেই তৈরি তোমার ঘর সাজানোর ফুলদানি। এবার এই ফুলদানিতে কাগজের তৈরি নানা রঙের ফুল রাখতে পার। তোমার পড়ার টেবিলে এমন একটি ফুলদানি থাকলে, তা সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে।