নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। আর এই ভোট আবহে দু’টো বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন পেতে চলেছে বাংলা। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এমনই খবর মিলেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে রেল বোর্ড। সেক্ষেত্রে নিউদিল্লি থেকে হাওড়া এবং শিয়ালদহ—এই দু’টি রুটেই বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন চালানো হবে। অর্থাৎ, নিউদিল্লি-হাওড়া এবং নিউদিল্লি-শিয়ালদহ রুটে যে রাজধানী এক্সপ্রেসগুলি চলে, তাতেই চালানো হবে শয়নযানবিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস। যদিও রাজধানী এক্সপ্রেসের যাত্রী পরিষেবায় এর ফলে কোনও প্রভাব পড়বে না। এমনই জানিয়েছে রেল বোর্ডের শীর্ষ সূত্র।
জানা যাচ্ছে, শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করা হবে রেলমন্ত্রকের পক্ষ থেকে। বর্তমানে সারা দেশের কোনও রুটেই বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন চালানো হয় না। নিউদিল্লি থেকে জম্মু-শ্রীনগর রুটে শয়নযানবিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা থাকলেও তা হয়নি। তবে শুক্রবার কাশ্মীরে গিয়ে শ্রীনগর-কাটরা রুটে দু’টি চেয়ার কারযুক্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে, সেক্ষেত্রে নয়াদিল্লি থেকে বাংলার রুটেই প্রথম বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন চালানো হতে পারে। জম্মু-শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের পরিকল্পনা যদিও এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। এরই পাশাপাশি আরও তিনটি নয়া রুটে শয়নযানবিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রেলমন্ত্রক। প্রতিটিই নিউদিল্লি থেকে পরিচালনার কথা প্রথামিকভাবে ভেবে নেওয়া হয়েছে। দিল্লি-শিয়ালদহ এবং দিল্লি-হাওড়া ছাড়াও বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের প্রস্তাবিত আরও তিনটি রুট হল দিল্লি-পুনে, দিল্লি-মুম্বই এবং দিল্লি-সেকেন্দ্রাবাদ। দিল্লি-হাওড়া এবং দিল্লি-মুম্বই রুটে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের গতি বৃদ্ধি করে ঘণ্টায় ১৬০ কিলোমিটার করার ব্যাপারে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেইমতো কাজও শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই। এই পরিস্থিতিতে যেভাবে দিল্লি-বাংলা রুটে দু’টো ‘স্লিপার’ বন্দে ভারত চালানোর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে, তা লক্ষ্যণীয়। বর্তমানে বাংলায় যে-ক’টি বন্দে ভারত এক্সপ্রেস চলে, তার প্রতিটিই চেয়ার কার।