রায়বেরিলি: ‘ভোট চুরি’র অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার দু’দিনের দলীয় কর্মসূচিতে যোগ দিতে নিজের নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে আসেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর কটাক্ষ, ‘ইতিমধ্যে ভোট চোর, গদি চোর প্রমাণিত হয়েছে। ভোট চুরি নিয়ে আমরা আরও প্রমাণ প্রকাশ্যে নিয়ে আসব।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোট চুরির নিয়ে আরও তথ্য-প্রমাণ জোগাড় করেছি। এনিয়ে একাধিক প্রমাণ প্রকাশ্যে আনার পরও স্বৈরাচারী আচরণ করে চলেছে নির্বাচন কমিশন।’ ভোট চুরি বন্ধ করতে কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।



