নয়াদিল্লি: মার্কিন পাল্টা শুল্ক কাঁটার জের। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে সংস্কারের পথে হাঁটতে চলেছে মোদি সরকার। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি হার কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবে দেশবাসীকে দীপাবলির উপহারের বার্তা দিয়েছেন তিনি। তাঁর ভাষণে উঠে এসেছে জিএসটি ব্যবস্থার সংস্কারের কথাও। এরপরই সরকারি মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। শনিবারই জানা গিয়েছিল, চার ধাপের জিএসটি ধাপের পরিবর্তে এবার দুটি ধাপ করা হতে পারে। ৫ ও ১৮ শতাংশ। সেইসঙ্গে মদ সিগারেটের মতো ‘সিন গুডসে’ ৪০ শতাংশের আরও একটি স্ল্যাব। এরইমধ্যে রবিবার মোদি জানিয়েছেন, জিএসটি ব্যবস্থার পরবর্তী পর্বের সংস্কারের খসড়া ইতিমধ্যেই রাজ্যগুলির কাছে পাঠানো হয়েছে। দীপবলির আগেই এই প্রস্তাবগুলি যাতে রূপায়ণ করা যায়, সেজন্য রাজগুলিকে সহযোগিতার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই পরোক্ষ কর ব্যবস্থার সংস্কারে উপকৃত হবে দরিদ্র ও মধ্যবিত্ত। সেইসঙ্গে ছোট ও বড় ব্যবসায়ীরাও লাভবান হবেন। মোদি বলেছেন, জিএসটি আইনকে সরল করা ও কর হারের সংশোধনই কেন্দ্রে লক্ষ্য। রাজ্যগুলি কেন্দ্রের এই উদ্যোগে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেছেন মোদি।



