নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পেট্রলে মেশানোর জন্য ইথানলের প্রায় ৬০ শতাংশ আসে ভুট্টা থেকে। সেটিই সরবরাহ করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে। কিন্তু ভবিষ্যতে সরকার যেভাবে পেট্রলে ইথানলের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছে, সেক্ষেত্রে ভুট্টার জোগান বজায় রাখা যাবে তো? হিসেব কষছে কৃষিমন্ত্রক। তাই ভুট্টা উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। যদিও জোগানে টান পড়লে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার মজুত থাকা উদ্ধৃত্ত চালের পাশাপাশি নষ্ট হওয়া খাদ্যশস্য এবং আখের ফেলে দেওয়া অংশ থেকে ইথানল তৈরি করা হবে বলেই ঠিক হয়েছে।
পেট্রলে ‘ই-২০’ মেশানোর নীতির জন্য রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির প্রায় ২০ বিলিয়ন লিটার ইথানল প্রয়োজন। পাশাপাশি বেসরকারি তেল সংস্থাগুলির জন্য লাগবে ১.২ বিলিয়ন লিটার। এছাড়া পোলট্রির খাবার, খাদ্য প্রক্রিয়াকরণ এবং স্টার্চ উৎপাদনের মতো ক্ষেত্রে ৪ বিলিয়ন লিটার ইথানলের চাহিদা রয়েছে বলেই সরকারের আনুমানিক হিসেব। তেল কোম্পানিগুলির জন্য ১৯.৩২ বিলিয়ন লিটার ইথানল প্রয়োজন। যার মধ্যে ভুট্টা থেকে উৎপাদন জোগাবে ১১.৪৫ বিলিয়ন লিটার। আর এই লক্ষ্যমাত্রা পূরণে চাই ৩০ মিলিয়ন টন ভুট্টার উৎপাদন। কিন্তু এবার চলতি অর্থবর্ষে (২০২৬-২৭) দেশে ভুট্টার উৎপাদন গতবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম হতে পারে বলেই সরকারের হিসাব। তাই কীভাবে জোগান জিইয়ে রাখা যাবে, তা নিয়ে কিছুটা হলেও চিন্তায় পড়েছে সরকার।



