নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূরাজনৈতিক টানাপোড়েন, মূল্যবৃদ্ধি আর বৃষ্টির ঘাটতি সত্ত্বেও চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভালো আর্থিক ফল করল ইমামি লিমিটেড। কোম্পানির মোট আয় ৩৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৮ কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ ব্যবসা বেড়েছে ৪৯ শতাংশ। স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস পোর্ট ফোলিও বেড়েছে ৭৩ শতাংশ। ইমামি জানিয়েছে, তাদের স্কিন কেয়ার সংক্রান্ত ব্যবসা ৩১, হেয়ার অ্যান্ড স্ক্যাল্প কেয়ার সংক্রান্ত ব্যবসা ৩০ ও হেলথ কেয়ার ভিত্তিক ব্যবসা ১১ শতাংশ বেড়েছে। সংস্থার কর পরবর্তী লাভ দাঁড়িয়েছে ১৪৪ কোটি টাকা। চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে আয় পৌঁছেছে ২ হাজার ১২৭ কোটি টাকায়। বৃদ্ধির হার ২৫ শতাংশ। শেয়ার প্রতি পাঁচ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে তারা।



