পেট্রলে ২০ শতাংশের বেশি ইথানল! দাবিতে অনড় কর্ণাটক সরকার
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: পেট্রলে  নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল মেশাচ্ছে তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি)। এব্যাপারে নিজেদের দাবিতে অনড় কর্ণাটক সরকার। সোমবার কর্ণাটকের খাদ্য, সরবরাহ ও উপভোক্তা বিষয়কমন্ত্রী রিজওয়ান এরশাদ সংস্থাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে সংগৃহীত নমুনাগুলিতে ইথানলের প্রকৃত পরিমাণ জানাতে হবে সংস্থাগুলিকে। 

Advertisement

তিনি দাবি করেন, রাজ্য সরকার যাবতীয় বিধি ও নিয়ম মেনেই পেট্রলের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেছে। রাজ্যের বিভিন্ন পাম্প থেকে মোট ৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তেল সংস্থাগুলি প্রযুক্তিগত নানা অজুহাত দাঁড় করালেও মূল বিষয়টি এড়িয়ে যাচ্ছে। পেট্রলে ঠিক কত শতাংশ ইথানল রয়েছে, তা নিয়ে তারা নীরব। মন্ত্রীর কথায়, সংগৃহীত ৬৩টি নমুনা প্রথমে আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএলের নিজস্ব ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। কিন্তু একটি রিপোর্টেও ইথানলের সঠিক শতাংশের কথা জানানো হয়নি।’ এই ঘটনায় তেল সংস্থাগুলির উদ্দেশ্যে নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, স্পষ্ট রিপোর্ট না পেয়ে বাধ্য হয়ে আমাদের তৃতীয় একটি নিরপেক্ষ ল্যাবে যেতে হয়। তখন সেই ল্যাবের রিপোর্ট নিয়েও তারা আপত্তি তোলে। আমি দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, কর্ণাটক সরকার তার রিপোর্টে সম্পূর্ণ অনড়। জ্বালানি তেল বিপণন সংস্থাগুলি পেট্রলে ২০ শতাংশের বেশি ইথানল মেশাচ্ছে। তার জেরে গাড়ির ইঞ্জিনের ক্ষতি ও সাধারণের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে।’ যদিও তেল সংস্থাগুলির দাবি, পাম্পে স্থানীয়ভাবে কোনো অনিয়ম হতে পারে। এব্যাপারে মন্ত্রী বলেন, ইথানল মেশানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এখানে পাম্পের ডিলারদের কোনো হাত থাকে না। এরইমধ্যে প্রতিবেশি রাজ্য কেরলের কংগ্রেস সরকারও পেট্রল পাম্পগুলিতে পর্যবেক্ষণ শুরু করল। জ্বালানিতে অতিরিক্ত ইথানল রয়েছে কিনা, তা যাচাই করতে চার জেলার পাম্পগুলিতে আকস্মিক পর্যবেক্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।