নিলামের সময় ন্যূনতম মূল্য বাঁধার প্রস্তাব টি বোর্ডের, মধ্যবিত্তের চায়ের দামও বৃদ্ধির আশঙ্কা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত কয়েক বছর ধরে বাড়তে আছে চায়ের উৎপাদন খরচ। কিন্তু সেই তুলনায় দাম বাড়ছে না চায়ের। ফলে উৎপাদন খরচের সবটুকু বাজার থেকে তুলতে পারছে না চা শিল্পমহল। এই সংকট কাটাতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন টি বোর্ড অব ইন্ডিয়া একটি কমিটি গঠন করে। সেই কমিটি একটি রিপোর্ট পাঠায় বাণিজ্য মন্ত্রকে, যেখানে চায়ের ন্যূনতম দাম স্থির করার কথা বলা হয়েছে। দেশের চা শিল্পের সঙ্গে জড়িত পাঁচটি শিল্প সংগঠন দাবি করেছে, ওই রিপোর্ট মেনে নিক কেন্দ্রীয় সরকার। সেই মতো দেশে চালু হোক ‘মিনিমাম সাস্টেনেবল প্রা‌ইস’ বা ন্যূনতম দর। শিল্পমহলের বক্তব্য, এতে চা শ্রমিক সহ চা শিল্পের সঙ্গে জড়িত সব ক্ষেত্রই সুবিধা পাবে। আর এই জায়গা থেকেই চায়ের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।

Advertisement

কেন চায়ের ন্যূনতম দাম বাঁধা জরুরি? ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, ইউনাইটেড প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন অব সাদার্ন ইন্ডিয়া, কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনস ও ফেডারেশন অব ইন্ডিয়ান টি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন একযোগে দাবি করেছে, বিগত কয়েক বছর ধরে উৎপাদন খরচ বাড়ছে ১০ থেকে ১৪ শতাংশ হারে। এদিকে চায়ের দাম বাড়ছে ২ থেকে ৩ শতাংশ হারে। পরিস্থিতি এমন, যে টাকায় চা নিলাম হচ্ছে, উৎপাদন খরচের তুলনায় তা কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা কম। এদিকে দেশে চায়ের ওয়েজ কোড বা মজুরি বিধি চালু হলে শ্রমিকদের মজুরি আরও অনেকটা বাড়বে। তাতে উৎপাদন খরচও বাড়বে। এই সমস্যা কাটাতে টি বোর্ড যে কমিটি তৈরি করে, তার সদস্য ছিলেন চা শিল্প সংগঠনের কর্তারাও। একযোগে সিদ্ধান্ত হয়, ন্যূনতম দাম স্থির করতে হবে। সেই মতো সুপারিশ গিয়েছে বাণিজ্য মন্ত্রকে। সংগঠনের কর্তারা বলছেন, সরকার পাট বা ধানের ক্ষেত্রে যে ন্যূনতম সহায়ক দাম বেঁধে দেয়, এটি তার চেয়ে আলাদা। এখানে সরকার চায়ের নিলামে অংশ নেবে না। কিন্তু তারা যদি ন্যূনতম দাম বেঁধে দেয়, তাহলে সেই দামের নীচে নিলাম হবে না। অর্থাৎ এটি নিলামের ন্যূনতম দরের (ফ্লোর প্রাইস) পরিপূরক হিসাবে বিবেচিত হতে পারে। শিল্পকর্তাদের বক্তব্য, এই দাম স্থির হলে,এখন যে বিপুল টাকা তাঁরা চায়ের নিলাম থেকে তুলতে পারছেন না, তা তোলা সম্ভব হবে। অর্থাৎ ক্ষতি এড়ানো যাবে। প্রশ্ন হল, ন্যূনতম দাম স্থির হলে ব্যবসায় লাভ হবে কি? শিল্পকর্তারা এর সরাসরি জবাব না দিয়ে জনিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ঘোষণা করেছেন, কৃষিভিত্তিক পণ্যের উৎপাদন খরচের উপর ৫০ শতাংশ মুনাফা ধার্য করতে হবে। মোট কথা, কোনো দিক থেকেই চায়ের দাম বৃদ্ধির আশঙ্কা এড়িয়ে যাওয়া যাবে না। দিন শেষে পকেট থেকে সেই বর্ধিত দাম চোকাতে হবে ক্রেতাকেই।