নয়াদিল্লি: শীঘ্রই ইরান যুদ্ধ বন্ধ হতে পারে। সোমবার এই সম্ভাবনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরেই কমল অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নীচে নেমে যায়। ৩১ আগস্টের পর এই প্রথমবার। বছরের শুরুতে দাম ছিল প্রায় ৬০ ডলার। মার্চ-এপ্রিল নাগাদ ইরান যুদ্ধের জেরে লাফিয়ে বাড়তে থাকে অশোধিত তেলের দাম। ১৩০ ডলার ছাড়িয়ে যায় প্রতি ব্যারেলের দাম। জুন, জুলাই মাসে দাম কিছুটা কমলেও নব্বইয় ডলারের নীচে নামেনি। এবিষয়ে কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন শেষে ইরান নিয়ে নরম মনোভাব দেখাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক বাজারে এরই প্রভাব পড়েছে।’



