এবার পিএফের টাকা  খাটবে স্টার্ট আপেও,  সিদ্ধান্ত গ্রহণ শীঘ্রই, ঝুঁকিপূর্ণ খাতে লগ্নি নিয়ে প্রশ্ন
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিজীবীদের ভবিষ্যনিধি বা পিএফ তহবিলের টাকা এতদিন মূলত সরকারি সিকিউরিটি ও নিরাপদ ঋণপত্রেই খাটত। কিছুটা বরাদ্দ ছিল শেয়ার বাজারের জন্য। এবার সেই ছবি কিছুটা বদলাতে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও এবার পিএফের টাকার একটা অংশ স্টার্ট আপ, প্রাইভেট ইকুইটি ও পরিকাঠামোর মতো বিকল্প বিনিয়োগে খাটানোর উদ্যোগ নিচ্ছে। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেতে চলেছে সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ বা সিবিটির বৈঠকে। আগামী ১৯ নভেম্বর এই বৈঠক হবে, যেখানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য।

Advertisement

প্রস্তাবে বলা হয়েছে, প্রতি বছর ইপিএফও-তে যে নতুন টাকা জমা পড়ে, তার সর্বোচ্চ তিন শতাংশ পর্যন্ত সেবি নিয়ন্ত্রিত ক্যাটিগরি ওয়ান ও ক্যাটিগরি টু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ)-এ লাগানো যাবে। অর্থাৎ চিরাচরিত লগ্নির বাইরে তুলনামূলক ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে টাকা খাটবে। ক্যাটিগরি ওয়ান এআইএফ মূলত স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিকাঠামো, সামাজিক উদ্যোগ ও ভেঞ্চার ক্যাপিটালে টাকা লাগায়। ক্যাটিগরি টু-তে আছে প্রাইভেট ইকুইটি, রিয়েল এস্টেট, প্রাইভেট ডেট ফান্ড। ইপিএফওর যুক্তি, এর থেকে দীর্ঘ মেয়াদে বেশি রিটার্ন আসতে পারে। তহবিলের বৈচিত্র্যও বাড়বে। কিন্তু ঝুঁকির প্রশ্নটাই এখন সবচেয়ে বড়ো হয়ে দাঁড়াচ্ছে। স্টার্ট আপ ডুবতে পারে, প্রাইভেট ইকুইটির লাভ আসতে বছরের পর বছর লেগে যেতে পারে। টাকা সহজে তোলাও যাবে না। তাই এই লগ্নি সংক্রান্ত প্রস্তাবে সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু শর্ত রাখার কথাও বলা হয়েছে বলে জানাচ্ছে পিএফ কর্তাদের একাংশ। কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য তথা শ্রমিক সংগঠন টিইউসিসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিওপ্রসাদ তিওয়ারি বলেন, ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে লগ্নির সুযোগ পিএফে অনেক আগে থেকেই আছে। সেই মতো পিএফ তহবিলের একটা অংশ শেয়ার বাজারে লগ্নি হয়। তারই সামান্য অংশ এবার স্টার্ট আপের মতো সংস্থায় লগ্নির পরিকল্পনা রয়েছে। এতে যেমন ঝুঁকি বেশি, তেমন রিটার্নও বেশি। পিএফ গ্রাহকদের মোটা অঙ্কের সুদ দিতে হলে তহবিলের ভালো রিটার্ন আসা জরুরি। তাই এই ঝুঁকি নিতেই হবে।’ একই সঙ্গে তাঁর দাবি, যদি পাঁচটি স্টার্ট আপে লগ্নি হয়, তার মধ্যে দুটি সংস্থা ডুবে গেলেও তিনটি সংস্থা এতটাই দ্রুত গতিতে এগিয়ে যায় যে তা অত্যন্ত লাভজনক হয়। গোটা বিশ্বে স্টার্ট আপে এটাই দেখা গিয়েছে। ফলে সার্বিকভাবে রিটার্ন বেশি আসবে। দিন শেষে লাভবান হবেন গ্রাহক। তবু শ্রমিক সংগঠনগুলির একাংশের প্রশ্ন, অবসরের পরের সুরক্ষার টাকা ঝুঁকিপূর্ণ খাতে খাটানো কি সত্যিই ঠিক হবে? রিটার্ন বাড়লেই যে সুদের হার বাড়বে, তারই বা গ্যারান্টি কোথায়?