Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্বভাবে নয়, মানিব্যাগেই লক্ষ্মী চায় লোকে!

কথায় বলে, ‘মানি মানি মানি/সুইটার দ্যান হানি’! টাকা মানিব্যাগে জমলেই সুখ-শান্তি উপচে পড়ে। অন্তত অধিকাংশ মানুষের মানসিকতায় এই ভাবনাই সত্যি।

স্বভাবে নয়, মানিব্যাগেই লক্ষ্মী চায় লোকে!
  • ৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পক্ষে

Advertisement

 বিশ্বজিৎ কর
কথায় বলে, ‘মানি মানি মানি/সুইটার দ্যান হানি’! টাকা মানিব্যাগে জমলেই সুখ-শান্তি উপচে পড়ে। অন্তত অধিকাংশ মানুষের মানসিকতায় এই ভাবনাই সত্যি। টাকা থাকলেই সবকিছু সম্ভব, এমন ধারণা এখনকার সমাজে বদ্ধমূল হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে কি, এই ধারণা অমূলক নয়! অদ্ভুত এক অবক্ষয়ের বাতাবরণে সততা-দায়বদ্ধতা-মানবিকতা-একাগ্রতা-নিটোল পরিশ্রম এখন গৌণ হয়ে দাঁড়িয়েছে। মুখ্য উদ্দেশ্য হল অর্থোপার্জন। 
অবসরপ্রাপ্ত কর্মী 

 সাগরময় অধিকারী
বিষ্ণুপত্নী লক্ষ্মী ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী । সুবোধ ও শান্ত প্রকৃতির ছেলেমেয়েকেও আদরের সম্বোধনে লক্ষ্মী বলা হয়। স্বভাবে লক্ষ্মী অথচ পরিশ্রমবিমুখ, অলস ও অকর্মণ্যের ভবিষ্যৎ অন্ধকার। ধনসম্পদ ও সৌভাগ্য সৎপথে অর্জন করতে প্রয়োজন কঠিন সংগ্রামী জীবন। পরিশ্রমী ব্যক্তিদেরই স্ত্রী-পুরুষ নির্বিশেষে লক্ষ্মীলাভ হয়। কথায় আছে ‘যে শুয়ে থাকে, তার ভাগ্যও শুয়ে থাকে।’ অলস ব্যক্তির নিশ্চেষ্ট হয়ে ঘরে বসে লক্ষ্মীর অনুগ্রহ প্রত্যাশা বাতুলতামাত্র। স্বভাবে লক্ষ্মী কিন্তু কর্মবিমুখ অলসকে কেউ চায় না। বরং সৎকাজে পরিশ্রম কখনও বৃথা যায় না।
অবসরপ্রাপ্ত কলেজ গ্রন্থাগারিক

 প্রদীপ রঞ্জন রীত
মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা ধীরে ধীরে বদলে গিয়েছে। বর্তমানের সমাজ হয়ে উঠেছে অর্থসর্বস্ব। সমাজে এখন অর্থের সমাদর সব থেকে বেশি। পকেটে টাকা থাকলে চারপাশে ভিড় করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। আর পকেট যদি ফাঁকা হয় তখন কারও দেখা মেলে না। ঝুলিতে যার অর্থ বেশি, সমাজে তার কদরও বেশি। সকলেরই তাই এখন মূল লক্ষ্য— অর্থ উপার্জন। অর্থই এখন ‘মোক্ষ’‌। স্বভাবে ‘লক্ষ্মী’ হতে তাই এখন কেউ চায় না। সবাই চায় পকেটে লক্ষ্মী। এটা হয়তো কাম্য নয়, কিন্তু সত্য এটাই।
শিক্ষক

 সুপ্রিয় ঘোড়ই
সেই কবে দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বর পাটনী বর প্রার্থনা করেছিলেন, ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’। অর্থাৎ আগে প্রাথমিক চাহিদা পূরণ, পরে বাকি সব কিছু। আর সেই চাহিদা পূরণের মাধ্যম অবশ্যই অর্থ। তাই যুগে যুগে মানুষ চেয়েছে আমাদের মা লক্ষ্মী যেন সবসময় আগে আমাদের মানিব্যাগেই বিরাজ করেন, তারপরে অন্য কোনও স্থানে, অন্য কোনও ক্ষেত্রে বিরাজ করুক ক্ষতি নেই। ইদানীং প্রযুক্তির অগ্ৰগতিতে আমরা লক্ষ্মীরূপী টাকাকে অনলাইনের মাধ্যমে, বিট কয়েনে এবং নানা বন্ডেও লেনদেন করে থাকি। সেও একপ্রকার মানিব্যাগে লক্ষ্মী থাকাই হল। সমাজের সব স্তরের মানুষের দৈনিক চাহিদা পূরনের উদ্দেশ্য নিয়ে মানিব্যাগেই লক্ষ্মী থাকুক। এটাই একমাত্র প্রত্যাশা।  
গৃহশিক্ষক

বিপক্ষে

 নীলেশ নন্দী
আমার সবসময় মনে হয় মানিব্যাগে লক্ষ্মী চাওয়ার চেয়ে স্বভাবে লক্ষ্মী চাওয়া গুরুত্বপূর্ণ। মানুষ ধনী হতেই পারেন। কিন্তু সুন্দর মনের জীবনসঙ্গী পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। সারাজীবন টাকার পিছনে ছুটতে গিয়ে অথবা অর্থলালসায় অনেকেই স্ত্রী, সন্তান অথবা কাছের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত হন। আর যাঁরা স্বভাবে লক্ষ্মী পান, তাঁদের জীবন অত্যন্ত সুখকর হয়। ঘর সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে।
লেখক

 অনুশ্রী কুণ্ডু
এখনও এই সমাজে এমন অনেক মানুষ আছেন, যাঁরা স্বভাবে লক্ষ্মীমন্ত বউমা ঘরে আনতে বেশি আগ্ৰহী। কারণ তাঁদের কাছে টাকা নয়। ভদ্র সভ্য শান্ত ধীর স্থির স্বভাবের মেয়েই অগ্ৰাধিকার পায়। সেজন্য যে কোনও পরিবারের লক্ষ্মীমন্ত মেয়ে তাঁদের প্রথম পছন্দ। বরং কোনও উচ্ছৃঙ্খল মেয়ে বিয়ের বাজারে কল্কে পায় না। তাই স্বভাবেই লক্ষ্মী চায় লোকে, মানিব্যাগে নয়।
গৃহশিক্ষিকা

 অরুণা দে
কথায় বলে লক্ষ্মী সেখানেই থাকে, যার মধ্যে থাকে লক্ষ্মীশ্রী। ধনসম্পদ সাময়িক। কিন্তু সত্ চরিত্র ও উত্তম স্বভাব মানুষের স্থায়ী পরিচয়। অর্থ মানুষকে হয়তো সাময়িক সম্মান এনে দেয়। কিন্তু প্রকৃত শ্রদ্ধা অর্জিত হয় গুণ, সততা ও মানবিকতায়। অর্থ থাকলেও সে যদি মিতব্যায়ী না হয়, দুশ্চরিত্র হয় তাহলে শেষ পর্যন্ত মানুষ তাকে ঘৃণা করবে। ইতিহাসে এমন অনেক স্মরণীয় ব্যক্তি আছেন, যাঁরা তাদের কর্মের জন্য স্মরণীয়। অর্থের জন্য নয়। স্বভাবে লক্ষ্মীছাড়া হলে, মানিব্যাগের লক্ষ্মীও চিরস্থায়ী হয় না।
গৃহবধূ

 সুপ্রিয়া সেন
সংসার সুখের হয় লক্ষ্মী স্বভাবের গুণে। অমিতব্যয়ী মানুষের মানিব্যাগ থেকে সবই খরচ হয়ে যায়। অলক্ষ্মী অভাবের বেশ ধরে মানিব্যাগে প্রবেশ করে। আর অর্থ, সুখ, আনন্দ লক্ষ্মী স্বভাবের জন্য হয়। এই স্বভাবের বশবর্তী মানুষ ধৈর্যশীল,তাই মানিব্যাগ ভরে যাবে। স্বভাবের অভাবে উচ্ছন্নে যাওয়া মানুষের মানিব্যাগ ভরে না। বিশ্বাস করি, লক্ষ্মী স্বভাবই গৃহে, মানিব্যাগে বিরাজ করে।
শিক্ষিকা

Advertisement
সম্পর্কিত সংবাদ