নয়াদিল্লি, ১০ মে: সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। আজ, শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এদিনই সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির সমঝোতা হয়। তারপরেই এদিন রাত ৮টা ৩০ মিনিটের পর থেকে জম্মু-কাশ্মীরে শেলিং, ড্রোন হামলার খবর পাওয়া যায়।
গুজরাতের কচ্ছ, রাজস্থানের কিছু অংশেও ড্রোন দেখা যায়। তারপরেই আজ, শনিবার রাতে সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব জানান, পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘গত কয়েকঘণ্টা ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। পরিস্থিতির গুরুত্ব বুঝুক পাকিস্তান।’