Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় বিমানের জন্য আকাশ বন্ধে ২ মাসে পাকিস্তানের ক্ষতি হাজার কোটি

একেই বোধ হয় বলে ‘নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ’ করা। ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে না দিয়ে বিপুল ক্ষতির শিকার পাকিস্তান।

ভারতীয় বিমানের জন্য আকাশ বন্ধে ২ মাসে পাকিস্তানের ক্ষতি হাজার কোটি
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: একেই বোধ হয় বলে ‘নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ’ করা। ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে না দিয়ে বিপুল ক্ষতির শিকার পাকিস্তান। গত দু’মাসে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)-র ১ হাজার ২৪০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সেদেশের  সংবাদপত্র ‘ডন’। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত। এর পাল্টা হিসেবে ২৪ এপ্রিল থেকে ভারতীয় বিমানসংস্থাগুলিকে তাদের আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। ভারতে রেজিস্ট্রি করা বিমানগুলি এবং ভারতীয় বিমান সংস্থাগুলির লিজে নেওয়া বিমানগুলির ক্ষেত্রে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে ইসলামাবাদ। এর জেরে ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত পিএএ-র ওভারফ্লাইং চার্জ বাবদ আয় বিরাট ধাক্কা খেয়েছে।  পাকিস্তানের আকাশ দিয়ে দৈনিক ১০০ থেকে ১৫০ ভারতীয় বিমান যেত। আর পাকিস্তানের আকাশপথে উড়ে যাওয়া বিমানের প্রায় ২০ শতাংশই ভারতীয় সংস্থাগুলির। তবে এতকিছুর পরেও দমছে না পাকিস্তানকে। সম্প্রতি তারা এই নিষেধাজ্ঞার মেয়াদ আবার বাড়িয়েছে। ২৪ আগস্ট ভোর ৪টে ৫৯ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পিপিএ জানিয়েছে। ভারতের আকাশেও পাকিস্তানি বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে ২৩ আগস্ট পর্যন্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ