মুম্বই: হিজাব পরিহিত মহিলা একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। এমনই স্বপ্ন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসির। জনসমক্ষে সে কথা নিজেই বলেছেন। তাঁর মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিজেপি। পালটা কটাক্ষ এসেছে গেরুয়া শিবিরের তরফে।
মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে জয়ের লক্ষ্যে মুম্বই সহ বিভিন্ন জায়গায় প্রচার সারছেন ওয়েইসি। সম্প্রতি সোলাপুরে নির্বাচনী সভায় তিনি বলেন, ভারতের সংবিধান এমনই শক্তিশালী যে একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তাঁর কথায়, ‘বাবা সাহেবের সংবিধান সমতা ও ন্যায়ের উপর ভিত্তি করে তৈরি। যেখানে ধর্ম, পোশাক বা পরিচয়ের কারণে কাউকে আলাদা নজরে দেখা হয় না। আমার স্বপ্ন একদিন হিজাব পরিহিত কেউ দেশের প্রধানমন্ত্রী হবেন।’



