গোমাংস খাওয়ায় হেনস্তা বন্ধুদের, আত্মঘাতী একাদশের দলিত ছাত্র
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কোয়েম্বাটুর: গোমাংস খায়! এটাই অপরাধ। তা নিয়ে প্রতিদিন উত্যক্ত করত বন্ধুরা। শিক্ষকরাও বাধা দেয়নি। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল ক্লাস ইলেভেনের ছাত্র এ আকিলান। বুধবার কোয়েম্বাটুরের পিল্লামেদুতে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্র ছিল আকিলান। অভিযোগ, কিছুদিন আগে তফসিলি পড়ুয়াদের চিহ্নিত করতে তাদের ক্লাস টিচার একটি তালিকা তৈরি করছিলেন। তার জন্য ছাত্রছাত্রীদের জাতিগত পরিচয় জানাতে বলেন তিনি। তারা গোমাংস খান কি না, তাও জানতে চান ওই শিক্ষক। তখনই আকিলান ও অন্য এক পড়ুয়া জানান যে, তারা গোমাংস খান। এখান থেকেই সমস্যার শুরু। পুলিশের দাবি, এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই আকিলানকে নিশানা করে তার সহপাঠীদের একাংশ। নিত্যদিন চলত ব্যঙ্গ-বিদ্রুপ। হেনস্তার পাশাপাশি মারধরও করা হয় তাকে। 
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মৃতের মা জানিয়েছেন, তার ছেলে বারবার হেনস্তার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। লাগাতার মানসিক নির্যাতনের জেরেই আকিলান আত্মঘাতী হয়েছে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক, ক্লাস টিচার এবং মৃতের দুই সহপাঠীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক আইনে মামলা দায়ের করেছে পিল্লামেদু থানার পুলিশ। এদিকে, এই মৃত্যুর ঘটনায় কোয়েম্বাটুর সিটি পুলিশের কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে তামিলনাড়ু রাজ্য আদিদ্রাবিড় ও জনজাতি সম্প্রদায় কমিশন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে।