নয়াদিল্লি: অমিত শাহের সঙ্গে ঘনিষ্ঠতা। সে জন্যই দেশের ‘মুখ্য নির্বাচন কমিশনার’ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির। তাঁর দাবি, প্রশাসনের গুরুত্বপূর্ণ সচিব পর্যায়ের পদে নিয়োগের জন্যও এক সময় যোগ্য বলে বিবেচিত হননি জ্ঞানেশ কুমার। অথচ পরে তাঁকেই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। কুরেশির বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই জ্ঞানেশকে গুরুত্বপূর্ণ পদ পেতে সাহায্য করেছে। কুরেশির আরও দাবি, অমিত শাহের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকে কাজ করেছেন জ্ঞানেশ কুমার। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রক্রিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এমনকি রামমন্দির ট্রাস্ট গঠনের ক্ষেত্রেও জ্ঞানেশ কুমার যুক্ত ছিলেন। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, সচিব পর্যায়ের পদে যোগ্যতা অর্জন করতে না পারলেও পরে জ্ঞানেশ কুমারকে কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের সচিব করা হয়। সেই সময় ওই মন্ত্রকের দায়িত্বে ছিলেন অমিত শাহ। এরপর ২০২৩ সালে নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে নির্বাচন কমিটি গঠিত হয়, সেখানে অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতাও ছিলেন।



