নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের যথেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বারংবার চিঠি লিখেছেন দুই নির্বাচন কমিশনার। তাঁরা লিখেছেন, জ্ঞানেশকুমার যা করছেন সেগুলি ভুল ও অগণতান্ত্রিক। জ্ঞানেশ কুমার সেই আপত্তিকে যে গ্রাহ্য করেননি তাই নয়, ভারত সরকারের সর্বোচ্চ আধিকারিক স্তরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক যোশি ডেপুটি নির্বাচন কমিশনার মণীশ গর্গের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরাসরি ক্যাবিনেট সচিবকে চিঠি লিখেছিলেন। একটি তথ্য জানার অধিকার সংক্রান্ত আবেদনের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ক্যাবিনেট সচিব সেই চিঠিকে গুরুত্ব দেননি। বরং অনিয়মের পিছনে জ্ঞানেশ কুমারের মদত রয়েছে এমন আভাস সত্ত্বেও ওই চিঠি আবার জ্ঞানেশ কুমারের কাছেই পাঠিয়ে দিয়েছিলেন ক্যাবিনেট সচিব। তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে, ওই চিঠিতে বলা হয়েছে, কোন অফিসারকে কী কী দায়িত্ব দেওয়া হচ্ছে, এসআইআর নিয়ে কী কী সিদ্ধান্ত হচ্ছে, কারা করছেন, এসবই নির্বাচন কমিশনারদের জানাননি মণীশ গর্গ। ক্যাবিনেট সচিব স্থির করেছিলেন, নির্বাচন কমিশনের কাজে কোনওরকম হস্তক্ষেপ করবে না ভারত সরকার। তাই তিনি ওই চিঠি জ্ঞানেশ কুমারের কাছেই পাঠিয়ে দেন। অর্থৎ যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকেই তদন্তের ভার দিয়েছিল ভারত সরকার।



