Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সবুজসাথী প্রকল্পে বাড়ছে উপভোক্তার সংখ্যা, ছাত্র-ছাত্রী অনুপাত সমান

ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই ‘সবুজসাথী’ প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়া শুরু করে দিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, গত বছরের তুলনায় এবার সাইকেল প্রাপকের সংখ্যা অনেকটাই বাড়ছে। জানা গিয়েছে, গত বার ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়াকে সাইকেল দিয়েছ রাজ্য। ২০২৬ সালে এই সংখ্যা বেড়ে হচ্ছে ১২ লক্ষ ৪৭ হাজার।

সবুজসাথী প্রকল্পে বাড়ছে উপভোক্তার সংখ্যা, ছাত্র-ছাত্রী অনুপাত সমান
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই ‘সবুজসাথী’ প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়া শুরু করে দিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, গত বছরের তুলনায় এবার সাইকেল প্রাপকের সংখ্যা অনেকটাই বাড়ছে। জানা গিয়েছে, গত বার ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়াকে সাইকেল দিয়েছ রাজ্য। ২০২৬ সালে এই সংখ্যা বেড়ে হচ্ছে ১২ লক্ষ ৪৭ হাজার। 

Advertisement

একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে ‘সবুজসাথী’ প্রকল্পের মধ্য দিয়ে। রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মোট প্রাপকের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী সাইকেল পেয়েছিল। বাকি ৪৭ শতাংশ হল ছাত্ররা। এবারের চিত্রটা অনেকটাই আলাদা। কারণ, তালিকায় ছাত্রদের সংখ্যা যথেষ্ট বেশি। ফলে মোট উপভোক্তার মধ্যে ৫০ শতাংশ ছাত্র আর বাকি ৫০ শতাংশ ছাত্রী। 
ওয়াকিবহাল মহল জানাচ্ছে, এই প্রকল্পের উপভোক্তা সংখ্যা বৃদ্ধির মাধ্যমেই বোঝা যাচ্ছে, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়া সংখ্যা সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। নবম শ্রেণিতে উঠলেই ‘সবুজসাথী’ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে সাইকেল দেয় রাজ্য সরকার। উপভোক্তা সংখ্যা বৃদ্ধি থেকে বোঝা যায়, নবম শ্রেণিতে স্কুলছুট ছাত্রের সংখ্যাও অনেকটাই কমেছে। 
প্রশাসনিক মহল জানাচ্ছে, শীঘ্রই জেলায় জেলায় সাইকেল ‘অ্যাসেম্বলিং’-এর কাজ শুরু হয়ে যাবে। ওই প্রক্রিয়া শেষ হলেই স্কুলে স্কুলে সাইকেল দেওয়া শুরু হবে। সব ঠিক থাকলে ২০ বা ২১ ফেব্রুয়ারি থেকে সাইকেল দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, নিবার্চনের আগেই ছাত্রছাত্রীদের কাছে সাইকেল পৌঁছে দেওয়ার বিষয়টি প্রশাসনকে মাথায় রাখতে হচ্ছে। 
২০১৫-১৬ সাল থেকে এই প্রকল্প চালু করে রাজ্য। প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৪০ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। তার পরের বছর থেকে নবম শ্রেণিতে উঠলেই সাইকেল পায় স্কুলের ছাত্রছাত্রীরা। মোট ন’হাজার স্কুলকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে। স্কুলশিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর যৌথভাবে এই প্রকল্পে কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে মোট ১ কোটি ৩৮ লক্ষের বেশি পড়ুয়াকে এখনও পর্যন্ত সাইকেল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ