Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেই শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা, রাজ্যজুড়ে আপাতত বজায় থাকবে শীতের আমেজ

পশ্চিম হিমালয় এলাকার উপর আপাতত কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কোনও ইঙ্গিত নেই। তাই রাজ্যে  যে শীতের আমেজ চলছে তা আগামী ৭ দিন অপরিবর্তিত থাকবে।

নেই শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা, রাজ্যজুড়ে আপাতত বজায় থাকবে শীতের আমেজ
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ১১:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম হিমালয় এলাকার উপর আপাতত কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কোনও ইঙ্গিত নেই। তাই রাজ্যে  যে শীতের আমেজ চলছে তা আগামী ৭ দিন অপরিবর্তিত থাকবে।  রাজ্যে সাধারণভাবে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনও বৃদ্ধি বা হ্রাস হবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা বেশি। মঙ্গলবার দক্ষিণবঙ্গে শীতলতম স্থান ছিল নদীয়ার কল্যাণী (১১.৩ ডিগ্রি)। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। রাজ্যের মধ্যে সমতল এলাকায় শীতলতম ছিল কোচবিহার (১১ ডিগ্রি)। রাজ্যের মধ্যে শীতলতম ছিল দার্জিলিং (৪.৮ ডিগ্রি)। 

Advertisement

শীতের মরশুমে শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা পশ্চিম হিমালয় বা লাগোয়া এলাকায় এলে সেখানে প্রবল তুষারপাত হয়। সেই সময় উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়। তার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হাওয়া সক্রিয় হয়। তখন উত্তুরে হাওয়া আরও শীতল হয়ে যায়। সেই কনকনে শীতল উত্তুরে হাওয়া উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছোয়। তার জেরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যায়। কিন্তু সেই প্রক্রিয়াটি এখন হচ্ছে না। পশ্চিম হিমালয়ে যেসব ঝঞ্ঝা আসছে সেগুলি দুর্বল। ওই ঝঞ্ঝাগুলি লাগোয়া উত্তর ভারত পর্যন্ত আসতে পারছে না। ঝঞ্ঝা উত্তর ভারতে এলে সেখানে বৃষ্টি হয়। শীতকালীন বৃষ্টি এবার উত্তর ভারতেও হচ্ছে না। উত্তর ও পূর্ব ভারত জুড়ে ডিসেম্বর মাসে শুষ্ক শীতকাল চলছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ঝঞ্ঝা দুর্বল হওয়ায় উত্তর ভারতে শৈত্যপ্রবাহ সেভাবে হচ্ছে না। বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ