নয়াদিল্লি: বিশ্বের আর কোনও দেশ এই সাহস দেখাতে পারেনি। আমরা করে দেখিয়েছি। আমেরিকার হামলার পাল্টা জবাব দিয়েছি। মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলা নজিরবিহীন। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি আমেরিকা কোনও হামলা করে, তাহলে তার পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইরান।
এদিন ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য, ‘আমেরিকা যে এই যুদ্ধে নাক গলাবে তা আগেই আঁচ করতে পেরেছিল ইরান। সেইমতো প্রস্তুতও ছিল। আর তার ফল দেখে নিয়েছে আমেরিকা।’ ইতিমধ্যেই ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন না এলাহি। তাঁর কথায়, নেতানিয়াহু একেবারেই বিশ্বাসযোগ্য নন। তিনি সমস্ত মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছেন। সাধারণ মানুষ, হাসপাতাল কোনও কিছুরই রেয়াত করেননি। যুদ্ধের সময় ইজরায়েল তার আয়রন ডোম সহ একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রেখেছিল। তবুও ইরানের মিসাইল ইজরায়েলে আঘাত হেনেছে। আমরা যুদ্ধ বাড়াতে চাই না। কিন্তু কোনও বহিরাগত শক্তি যেন এবিষয়ে হস্তক্ষেপ না করে। ট্রাম্পকেও কোনওভাবে বিশ্বাস করা যায় না। তিনি বলেছিলেন গাজায় শান্তি আনবেন। কিন্তু এখনও সেখানে গণহত্যা থামেনি।
প্রসঙ্গত, পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর প্রত্যাঘাত করে ইরানও। সোমবার রাতে কাতারের রাজধানী দোহাতে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সূত্রের খবর, ইরাকেও মার্কিন সেনার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।