Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মারাদোনাকে নকল করতে গিয়ে লাল কার্ড নেইমারের

১৯৮৬’র বিশ্বকাপে মারাদোনার কাঁধে চেপেই দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপের স্বাদ পায় আর্জেন্তিনা। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ‘হ্যান্ড অব গড’ গোল নিয়ে আজও চর্চা চলে

মারাদোনাকে নকল করতে গিয়ে লাল কার্ড নেইমারের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: ১৯৮৬’র বিশ্বকাপে মারাদোনার কাঁধে চেপেই দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপের স্বাদ পায় আর্জেন্তিনা। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ‘হ্যান্ড অব গড’ গোল নিয়ে আজও চর্চা চলে। এবার তারই অনুকরণ করতে গিয়ে লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রবিবার ব্রাজিল লিগে স্যান্টোস বনাম বোতাফোগো ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে হেডের আগেই হাত দিয়ে বল জালে ঠেলে দেন সেলেকাও তারকা। তবে সেই কারচুপি চোখ এড়ায়নি রেফারির। সঙ্গে সঙ্গে তাঁকে হলুদ কার্ড দেখান। প্রথমার্ধেও কার্ড দেখা ছিল নেইমারের। ফলে মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছাড়তে হয় তারকা ফরোয়ার্ডকে। ফলে লিগের শেষ ম্যাচে স্যান্টোসের জার্সিতে আর মাঠে নামা হবে না তাঁর। অর্থাৎ, ছোটবেলার ক্লাবের হয়ে দ্বিতীয় ইনিংসে শেষ ম্যাচটি খেলে ফেললেন ব্রাজিলিয়ান তারকা। ৩০ জুন স্যান্টোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। তবে নবীকরণের ব্যাপারে এখনও কোনওপক্ষই সেভাবে আগ্রহ দেখায়নি।

Advertisement

রবিবার নেইমার মাঠ ছাড়ার পরই শেষলগ্নের গোলে জয় তুলে নেয় বোতাফোগো। এই হারের ফলে লিগ টেবিলে ১৮ নম্বরে শেষ করে স্যান্টোস। স্বাভাবিকভাবেই দলের এই ফলে হতাশ নেইমার। একইসঙ্গে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, ‘গোল করার মরিয়া চেষ্টা কখনও কখনও আমাদের ভুল করতে বাধ্য করে। আজ আমার ভুলে ডুবতে হল দলকে। তার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি লাল কার্ড না দেখলে নিশ্চিতভাবে জিতে মাঠ ছাড়তাম। এই হারের দায় আমার।’ পাশাপাশি ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখানোর জন্য রেফারিকে একহাত নেন ব্রাজিলিয়ান তারকা। এর জন্য অবশ্য নতুন করে তাঁকে যেন শাস্তি না দেওয়া হয়, সেটাও মজা করে লেখেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ