Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানে প্রায় ৫০ হাজার মৃত ভোটারের নাম বাদ, শুনানিতে ডাক পেতে পারেন পঞ্চাশ হাজার

পূর্ব বর্ধমানে ভোটার তালিকা থেকে প্রায় ৫০ হাজার মৃতের নাম বাদ যেতে পারে। বহু মৃত ভোটারের নাম কয়েক বছর ধরে তালিকায় থেকে গিয়েছে।

পূর্ব বর্ধমানে প্রায় ৫০ হাজার মৃত ভোটারের নাম বাদ, শুনানিতে ডাক পেতে পারেন পঞ্চাশ হাজার
  • ২৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানে ভোটার তালিকা থেকে প্রায় ৫০ হাজার মৃতের নাম বাদ যেতে পারে। বহু মৃত ভোটারের নাম কয়েক বছর ধরে তালিকায় থেকে গিয়েছে। সেই সমস্ত ভোটার কার্ড ব্যবহার করে অনেকেই নির্বাচনে ফায়দা তুলেছে। এবার আর সেটা হবে না। এখন জোরকদমে ডিজিটাইজেশনের কাজ চলছে। তা সম্পূর্ণ হলে নির্দিষ্ট তথ্য সামনে আসবে। তবে, এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের কাজ যতটা এগিয়েছে তাতে আধিকারিকরা নিশ্চিত, প্রায় ৫০ হাজার মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। শুনানিতে আরও ৫০ হাজার মানুষ ডাক পেতে পারে বলে আধিকরিকরা মনে করছেন। তবে, জেলায় মৃত ভোটার ছাড়া খুব বেশি নাম বাদ যাবে না বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ৪১ লক্ষ ৬৫ হাজার ২৯২টি ফর্ম ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ৮৩.২৪ শতাংশ ফর্ম ডিজিটাইজেশন হয়ে গিয়েছে। এক বিএলও বলেন, নির্বাচন কমিশন নানা রকম নির্দেশ জারি করছে। কোনও ভুল হলে তারা বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানাচ্ছে। অথচ নিজেরা পরিকাঠামো ঠিক করেনি। কমিশন ভালোভাবেই জানত, একসঙ্গে বহুজন একই অ্যাপ ব্যবহার করলে সার্ভার ডাউন হবে। তাদের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। সেটা না করায় বিএলওদের খেসারত দিতে হচ্ছে। রাত জেগে কাজ করতে হচ্ছে। তবে, এই পরিস্থিতির মধ্যেও বিএলওরা রাত জেগে অধিকাংশ কাজ সেরে ফেলেছেন। সার্ভার ঠিক থাকলে হয়তো এতদিনে ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়ে যেত।
তবে, জেলায় যে সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলে বিজেপি প্রত্যাশা করেছিল, সেটা হচ্ছে না বলেই অনেকে মনে করছেন। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আমরা কখনই চাই না কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাক। তবে, যাঁদের নাম অবৈধভাবে ভোটার তালিকায় ঢোকানো হয়েছে, সেগুলি বাদ দিতেই হবে। তৃণমূল মৃত ভোটারদের কার্ড ব্যবহার করে ভুয়ো ভোট দিয়েছে। পাঁচ বছর আগে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নামও তালিকায় থেকে গিয়েছে। বর্ধমান শহরের তৃণমূলের সভাপতি তন্ময় সিংহরায় বলেন, বিজেপি নেতারা এসআইআর নিয়ে নানা কথা বলছেন। তবে, ওঁদের স্বপ্নভঙ্গ হবে। কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলে জোরদার আন্দোলন হবে। আমাদের রাজ্য নেতৃত্ব তা অনেক আগেই ঘোষণা করে দিয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলকোট, রায়না, খণ্ডঘোষ, কেতুগ্রাম, আউশগ্রামের মতো বিধানসভা কেন্দ্রগুলির অধিকাংশ ভোটারের বৈধ নথি রয়েছে। এই বিধানসভা কেন্দ্রগুলি থেকে খুব কম ভোটার শুনানিতে ডাক পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ