Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় মজে যাওয়া, ভরাট করা জলাশয় সংস্কার পুরসভার

মজে যাওয়া, ভরাট করা জলাশয় সংস্কারে নেমেছে বেলডাঙা পুরসভা।

বেলডাঙায় মজে যাওয়া, ভরাট করা জলাশয় সংস্কার পুরসভার
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: মজে যাওয়া, ভরাট করা জলাশয় সংস্কারে নেমেছে বেলডাঙা পুরসভা। শুক্রবার থেকে বেলডাঙা শহরের ৬নম্বর ওয়ার্ডের একটি মজে যাওয়া পুকুর সংস্কার শুরু হয়েছে। এরপর ৪ নম্বর ওয়ার্ডে সাত বিঘা আয়তনের একটি জলাশয় সংস্কার করবে পুর কর্তৃপক্ষ। সেইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিকাশিনালা সাফাইয়ের কাজও চলছে। পুরসভার এমন উদ্যোগে খুশি শহরবাসী।

Advertisement

বেলডাঙা পুরসভার চেয়ারপার্সন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, শহরের হারিয়ে যাওয়া জলাশয় ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এর ফলে গরমকালে জলকষ্ট মিটবে। মাছ চাষের পরিমাণও বাড়বে। কারণ, জলাশয় সংস্কারের পর সেগুলি মাছ চাষের উপযোগী করে তোলা হবে।
জেলাজুড়ে একের পর এক জলাশয় ভরাট করে বহুতল উঠছে। অনেকক্ষেত্রে জমির চরিত্র বদল না করেই বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জলাশয় সংস্কারে উদ্যোগী হয়েছে বেলডাঙা পুরসভা। শহরের মজে যাওয়া এবং গায়ের জোরে ভরাট করা পুকুরগুলি চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে।
বেলডাঙা শহরের ৬নম্বর ওয়ার্ডে হাসপাতালের কাছে পাশাপাশি কয়েকটি পুকুর আছে। সেগুলি সংস্কারের অভাবে প্রায় ১৫বছর ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। শুক্রবারই সেখানকার একটি পুকুর সংস্কার শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা সাদ্দাম শেখ বলেন, পুকুর মজে যাওয়ায় এলাকার মানুষের স্নানের জলের অভাব দেখা দিয়েছিল। পুকুরে জল থাকাকালীন মহিলাদের বাসন ধুতে, কাপড় কাচতে সুবিধা হতো। মাছ চাষও হতো। পুরসভা জলাশয় সংস্কারে হাত দেওয়ায় ফের সুদিন ফিরে আসবে।
অপর বাসিন্দা বিপুল দেবনাথ বলেন, পুর কর্তৃপক্ষের এমন উদ্যোগে এলাকার মানুষ উপকৃত হবে। এর আগে কেউ এমন সাহসী উদ্যোগ নিতে পারেনি। পুরবোর্ডকে ধন্যবাদ জানাই। পুরসভা জানিয়েছে, জলাশয় সংস্কারের জন্য সেগুলির মালিকদের তিনবার আইনি নোটিস পাঠানো হয়েছিল। পুকুর মালিকদের তরফে সদুত্তর না মেলায় পুরসভা সংস্কার শুরু করেছে। ৪নম্বর ওয়ার্ডের একটি জলাশয় সোমবার থেকে সংস্কার হবে। জলাশয়টি প্রোমোটারের দখলে ভরাট হয়ে গিয়েছিল। বেলডাঙা শহর তৃণমূলের মুখপাত্র মুজারুল হক বলেন, আমরা দলীয়স্তরে বেলডাঙায় পুকুর সংস্কারের দাবি তুলেছিলাম। বিধায়ক হাসানুজ্জামান শেখ ও পুরসভার চেয়ারম্যান সেই উদ্যোগ নেওয়ায় আমরা খুশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ