বেঙ্গালুরু: রবিবার আইএসএলের বেঙ্গালুরুর কান্তিরাভায় ধুন্ধুমার ফুটবল। মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচের ১-১ ফলাফল দিয়ে এর উত্তাপ বিচার করা যাবে না। দুই দলের ওপেন ফুটবলে এদিন জমজমাট কান্তিরাভা। সুনীল ছেত্রী-পার্থিব গোগোইরা একাধিক সুযোগ নষ্ট না করলে ফলাফল অন্যরকম হতেই পারত। প্রথমার্ধে সোলো রানের পর দূরপাল্লার মাটি ঘেষা শটে জাল কাঁপান বেঙ্গালুরুর স্যাঞ্জেজ (১-০)। এরপর এরিয়াল বল দুরন্ত রিসিভের পর ড্রপ ভলিতে নর্থ ইস্টকে সমতায় ফেরান লালরিনজুয়ালা। অপর ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মুম্বই। ১-০ গোলে তারা হারাল কেরল ব্লাস্টার্সকে। ম্যাচের একমাত্র লক্ষ্যভেদ ছাংতের। তবে পেনাল্টি নষ্ট করলেন পেরেরা ডিয়াজ। এই নিয়ে টানা দু’ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল মুম্বই। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে ইস্ট বেঙ্গল।



