Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার পাল্টা পুজোর অনুদান, বাঙালি সাজার মরিয়া রাজনীতি বঙ্গ বিজেপির

বছর ঘুরলেই বিধানসভা ভোট। দিন যত এগচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ছন্নছা‌ড়া দশা আরও প্রকট হচ্ছে। এই আবহে রাজ্যবাসীর ‘মনজয়ে’একাধিক ‘শর্ট কাট’ পদ্ধতি নিয়েছে গেরুয়া পার্টি।

মমতার পাল্টা পুজোর অনুদান, বাঙালি  সাজার মরিয়া রাজনীতি বঙ্গ বিজেপির
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা ভোট। দিন যত এগচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ছন্নছা‌ড়া দশা আরও প্রকট হচ্ছে। এই আবহে রাজ্যবাসীর ‘মনজয়ে’একাধিক ‘শর্ট কাট’ পদ্ধতি নিয়েছে গেরুয়া পার্টি। যার মধ্যে অন্যতম বাংলার গুচ্ছ ক্লাবকে দুর্গা পুজো আয়োজনে আর্থিক অনুদান প্রদান। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় ৪২ হাজারের বেশি ক্লাব-প্রতিষ্ঠান ১ লাখ ১০ হাজার টাকা পাচ্ছে। তারই পাল্টা হিসেবে বিজেপি সরকারি অনুদান থেকে বঞ্চিত ক্লাবগুলিকে টাকা পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছর অনুদান খাতে নবান্ন ৪৬২ কোটি টাকা খরচ করবে।  বিজেপির মূল্যায়ন, বাঙালির শ্রেষ্ট উৎসব আয়োজনে নগদ এই টোটকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট বাক্সে বাড়তি সুবিধা করে দিচ্ছে। যার সৌজন্যে রাজ্যজুড়ে পুজো আয়োজক তথা ক্লাব কমিটিগুলির ঢালাও সমর্থন পাচ্ছে জোড়াফুল শিবির। এবার তাতে থাবা বসাতে দুর্গাপুজো আয়োজকদের বিজ্ঞাপন কিংবা সরাসরি টাকা পাইয়ে দেওয়ার কৌশল নিয়েছে বিজেপির। 

Advertisement

এ প্রসঙ্গে দলের এক নেতা বলেন, ২০১৯ সালে প্রথম আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক ক্লাব সংগঠন বিজেপির টাকা নিতে আগ্রহ দেখালেও, পরে পিছিয়ে আসে। পরে জানা যায়, স্থানীয় তৃণমূল নেতা-মন্ত্রীদের চাপে এই অবস্থান বদল। তাই এবার গোপনে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হিন্দিভাষীদের পার্টি থেকে বাঙালি হয়ে ওঠার উদ্দেশ্যে এবার সল্টলেকের ইজেডসিসি’তে আরও বড় আকারে দুর্গাপুজো করবে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই তার খুঁটি পুজো সেরেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পুজো উদ্বোধনে কলকাতায় আসতে পারেন। বাংলা-বাঙালি প্রশ্নে দুর্গাপুজোকে সবচেয়ে এগিয়ে রাখছে বিজেপি। তারপরই রয়েছে ‘সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল’। দলের তরফে রাজ্যের সমস্ত বিজেপি এমপি’কে নির্দেশ দেওয়া হয়েছে, নিজের এলাকায় এমপি কাপ আয়োজন করতে হবে। স্থানীয় ফুটবল ক্লাব ও সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ 
তৈরি করে এই টুর্নামেন্টের মাধ্যেমে এলাকায় জনসংযোগ আরও তীব্র করতে হবে। এই কর্মসূচি আয়োজনে বিপুল খরচ করছে বিজেপি। যার মূল লক্ষ্য ফুটবলের মাধ্যমে আগামী বিধানসভার আগে প্রান্তিক স্তরে পার্টিকে পৌঁছে দেওয়া।
রাজ্যবাসীর মনজয়ে শেষ হাতিয়ারটি হল, ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন। উল্লেখ্য, সংস্কৃতি মনস্ক বাঙালির 
কাছে শীতকালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক অমোঘ আবেগ, আকর্ষণ। সিনেমা প্রিয় বাঙালির জন্য এবার পাল্টা ফিল্ম উৎসব আয়োজনের কথা ভাবছে পদ্ম পার্টি। এক্ষেত্রে দেশ, বিদেশ, আঞ্চলিক ও বাংলা সিনেমা নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজনে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল। এক্ষেত্রে জাতীয় তথা আন্তর্জাতিকমানের খ্যাতনামা অভিনেতা-পরিচালকদের কলকাতায় এনে চমক দিতে চাইছে পদ্মপার্টি। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে এই উৎসব করতে চাইছে গেরুয়া পার্টি।            

Advertisement
সম্পর্কিত সংবাদ