নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরবঙ্গের বিপর্যয়কে আঁকড়ে স্থানীয় দুর্গতদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ। কিন্তু এহেন প্রেক্ষিতেই বিজেপির কেন্দ্রীয় পার্টির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, বাংলা ভাগের ইস্যু।
উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়কে হাতিয়ার করে ইতিমধ্যেই ‘বঞ্চনা’র অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্য বিজেপির নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের আশঙ্কা, উত্তরবঙ্গ ‘বঞ্চিত’, এই অভিযোগ তুলে সরব হতে গিয়ে দলের নেতারা ফের উত্তরবঙ্গ ভাগের দাবিই তুলতে পারেন। তাই বিশেষ সতর্কবার্তা জারি করতে চাইছে দলের কেন্দ্রীয় পার্টি। বলা হচ্ছে, উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বঞ্চনার অভিযোগ অবশ্যই তুলুন। কিন্তু কোনওমতেই এই প্রসঙ্গে আলাদা রাজ্যের দাবি তুলবেন না। তাতে হিতে বিপরীত হবে। জল অন্যদিকে গড়াবে।