মুম্বই: জুন মাসেই শুরু ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। গুরুত্বপূর্ণ সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই সিনিয়র তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমন কঠিন পরিস্থিতিতে শুভমান গিলের নেতৃত্বে তারুণ্যে ভরসা রেখে টেমস নদীর দেশে যাচ্ছে টিম ইন্ডিয়া। তার আগে এবি ডি’ভিলিয়ার্সের মন্তব্য, এই সিরিজ ভারতীয় তরুণ প্রতিভাদের অভিজ্ঞতা বাড়াবে। শনিবার এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বলেন, ‘অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এর চেয়ে বড় সুযোগ হতে পারে না। কাজে লাগাতে পারলে আগামী দিনে ভারতীয় দল আরও শক্তিশালী হবে।’
শুধু বিরাট-রোহিতের অনুপস্থিতি নয়, ইংল্যান্ডের সিমিং আবহে মহম্মদ সামির অভাবও টের পাবে টিম ইন্ডিয়া। ধারণা এবিডি’র। ফিটনেসের কারণে এই সফর থেকে ছিটকে গিয়েছেন সামি। পাশাপাশি গত অস্ট্রেলিয়া সফরে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ অফ-স্পিনার। সব মিলিয়ে চার ম্যাচ উইনার না থাকায় কিছুটা ব্যাকফুটে শুভমান গিল ব্রিগেড। প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের মন্তব্য, ‘টেস্ট ক্রিকেটে গোটা বিশ্বেই রান করেছে বিরাট। মাঠে ওর উপস্থিতি আলাদা গুরুত্ব বহন করে। ভিকে না থাকাটা বড় বিষয়। রোহিতও বড় ক্রিকেটার। তবে সেসব ভেবে খেলতে নামলে বিপদে পড়বে ভারতীয় দল। বরং এই সুযোগ কাজে লাগানোর দিকে মন দেওয়া উচিত তরুণ ক্রিকেটারদের।’ সামান্য থেমে তাঁর সংযোজন, ‘ভারতে প্রতিভার অভাব নেই। তাই যারাই সুযোগ পাক না কেন, নিজেদের দক্ষতার উপর আস্থা রাখুক। তাহলেই সাফল্য পাবে।’