


সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় চারদিন ধরে চলছে টানা বৃষ্টি। অন্যদিকে অমাবস্যা। এই জোড়া ফলায় জোয়ারের সময় জল বাড়তেই নদীবাঁধে ধস নামল নামখানার মৌসুনি দ্বীপ এলাকায়। এখানে ঝিনাই নদীর বাঁধে দু’জায়গায় ধস নেমেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, মৌসুনির পয়লাঘেরির তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকায় ১০০ মিটার নদীবাঁধ ধসে গিয়েছে। শনিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন। প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে ছিলেন।
মৌসুনির কুসুমতলার ক্ষীরিশতলা এলাকায় ১০০ ফুট নদী বাঁধে ধস নেমেছে। এছাড়াও বাঁধের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে এলাকা নোনা জলে প্লাবিত হতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রণব মিদ্যা বলেন, ‘টানা বৃষ্টি হওয়ার ফলে বাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে। অমাবস্যার কোটালে জল বাড়তেই নদীবাঁধে ধস নেমেছে। বেশ কয়েকটি জায়গায় ফাটলও দেখা গিয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা না হলে খুবই সমস্যা হবে। কারণ এই বাঁধের পিছনেই রয়েছে কয়েক হাজার বিঘা কৃষি জমি। এছাড়াও প্রচুর পুকুর ও পানের বরোজ রয়েছে। যে কোনও সময়ে বাঁধ ভেঙে পুরো এলাকা নোনা জলের তলায় চলে যেতে পারে’।
মৌসুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি সেচদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। দুর্যোগ কেটে গেলে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করার পরিকল্পনা করা হবে’।