শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে থেকে তরুণীকে ধাক্কা, আটক যুবক
  • ১০ নভেম্বর, ২০২৬ ১৭:১০
Prefer us on Google

তিরুবনন্তপুরম, ১০ নভেম্বর: ভিড়ে ঠাসা ট্রেনের কামরা। অন্যদিনের মতো এদিনও কাজে যাচ্ছিলেন এক তরুণী। ভিড়ের সুযোগে আপত্তিকর স্পর্শ করতে থাকে এক যুবক। এর প্রতিবাদ করলে উলটে তরুণীর উপর চড়াও হয় অভিযুক্ত। এমনকি ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ছিটকে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে পড়েন আক্রান্ত তরুণী। এরপর সহযাত্রীদের তৎপরতায় অভিযুক্তকে আটক করে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisement

জানা গিয়েছে, আক্রান্ত ২৫ বছর বয়সি মহিলা তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। প্রতিদিনের মতোই তিনি মালাবার এক্সপ্রেসে করে চিরায়িনকিঝু থেকে তিরুবনন্তপুরম যাচ্ছিলেন। যাওয়ার সময় অভিযুক্ত বারবার আপত্তিকরভাবে স্পর্শ করছিল। ভিড়ের কারণে প্রথমে এড়িয়ে গেলেও পরে ইচ্ছাকৃত বুঝতে পেরে তিনি এর প্রতিবাদ করেন। পেট্টা রেল স্টেশনে নামার সময় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করবেন বলেও জানান। ভয় পাওয়া তো দুরস্ত, উলটে হিংস্র রূপ ধারণ করে অভিযুক্ত। তরুণীর উপর চড়াও হয়ে মারধর শুরু করে। তরুণীকে ধাক্কা মেরে প্ল্যাটফর্মে ফেলে দেয়। তখনই অজ্ঞান হয়ে যান ওই তরুণী। এরপর তাঁকে লাথি মারতে গেলে ছুটে আসেন সহযাত্রীরা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তৎক্ষণাৎ আটক করা হয় অভিযুক্তকে। পরে ধৃতকে রেল পুলিশের হাতে তুলে দেন তাঁরা। 
রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারায় মামলা করা হয়েছে। এছাড়াও ধৃতের বিরুদ্ধে আট্টিঙ্গল এলাকায় আগে থেকেই একটি মারধরের মামলা রয়েছে।