নয়াদিল্লি, ১০ নভেম্বর: আগামী বছরের আইসিএসই (দশম শ্রেণি) এবং আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই। ছাত্রছাত্রীরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে বিষয়ভিত্তিক পরীক্ষার সময়সূচি দেখতে এবং ডাউনলোড করতে পারবে।
আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষা শুরু হবে আগামী বছর ১৫ ফেব্রুয়ারি এবং ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভারত ও বিদেশের মোট ২,৮৩৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৮ এপ্রিল শেষ হবে।
সিআইএসসিই সূত্রে জানা গিয়েছে, মোট ৩,৭৯,৯৮০ জন ছাত্রছাত্রী বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেবে। আইসিএসই পরীক্ষায় বিষয় সংখ্যা ৭৬টি। অন্যদিকে আইএসসি পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে ৬০টি বিষয়।
রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশে আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি। ৫১,১৬৮ জন। এর পরে রয়েছে পশ্চিমবঙ্গ (৪৬,৫২১ জন), কর্ণাটক (৩৩,৪১৭ জন), মহারাষ্ট্র (৩১,০৩৫ জন), পাঞ্জাব (১৯,৩০৮ জন) এবং ঝাড়খণ্ড (১৭,২০১ জন)।
২০২৭ সালের আইএসসি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও দেশের মধ্যে উত্তরপ্রদেশ এক নম্বরে। সংখ্যাটা ৩৪,৭০২ জন। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩০,২৩৫ জন।



