বাতাসে দূষণের মাত্রা কমলেও উদ্বেগ অব্যাহত দিল্লিতে, সতর্কবার্তা বিশেষজ্ঞদের
  • ১০ নভেম্বর, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ নভেম্বর: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা উপেক্ষা করেই দীপাবলিতে দেদার বাজি ফাটানো হয়েছিল রাজধানী দিল্লিতে। যার ফলশ্রুতিতে হু হু করে বেড়েছিল দূষণ। খোদ কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, রাজধানীর বাতাসের মান পৌঁছে গিয়েছিল ‘অতি খারাপ’-এর পর্যায়ে। যার রেশ ছিল গতকালও। সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হল আজ, মঙ্গলবার। যদিও তা মোটেও সন্তোষজনক নয়। বাতাসে দূষণের মাত্রা ‘অতি খারাপ’ থেকে ‘খারাপ’-এর স্তরে এসেছে। 

Advertisement

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, কোনও এলাকার একিউআই একশোর ঘরে থাকাই শ্রেয়। আর তা ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে তা ‘মাঝারি’ বলে গণ্য করা হয়। সেখানে সরকারি তথ্য বলছে, গতকাল, দীপাবলির পরের দিন, দিল্লির গড় একিউআই ছিল ৩৭৬। যা ‘অতি খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। কিন্তু আজ গড় একিউআই একটু কমে ২৯৯ হয়েছে। তবে দিল্লির পুসা রোড, চাঁদনি চক সহ কয়েকটি এলাকায় একিউআইয়ের মাত্রা এখনও ‘অতি খারাপ’-এর স্তরে। বিশেষদের মতে, দূষণের মাত্রা সামান্য কমলেও এখনও সম্পূর্ণ নিরাপদ নয় দিল্লির বাতাস। বিশেষত যাঁদের শ্বাসকষ্ট আছে, প্রবীণ ব্যক্তি এবং শিশুদের বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলে সতর্ক করে দিয়েছেন তাঁরা।