দামে নাজেহাল জনতা, ভোগ্যপণ্য ছেড়ে উৎসবের কেনাকেটায় ঝোঁক নিত্যপণ্যে
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক বছর আগে দীপাবলি, ভাইফোঁটা, ছটপূজায় কেনা-বেচা এক ধাক্কায় পূর্ববর্তী বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছিল। অন্যতম কারণ ছিল জিএসটি কমে যাওয়া। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কমে গিয়েছিল জিএসটির ধাপের সংখ্যা এবং সার্বিকভাবে জিএসটি হার। আর তারই প্রতিফলন দেখা যায় উৎসবের বাণিজ্যে। খুচরো পণ্যের বিক্রি বেড়ে যায়। সেই একই জিএসটি হার এখনও প্রযোজ্য। অথচ এই বছরের প্রাক দীপাবলি বাণিজ্য বৃদ্ধিহার মাত্র ১৩ শতাংশ। অর্থাৎ বৃদ্ধি হার অর্ধেক হয়ে গিয়েছে। এই পরিসংখ্যানের সিংহভাগই অনলা‌঩ইন কেনাকাটার ক্ষেত্রে দেখা গিয়েছে। একাধিক বণিক সভার কাছে খুচরো বাণিজ্য সংক্রান্ত গ্রস মার্কেন্টাইজ ভ্যালু নামক যে সমীক্ষা রিপোর্ট এখনও পর্যন্ত জমা পড়েছে, সেখানে এই প্রবণতা দেখা যাচ্ছে। আবার অফলাইন অর্থাৎ দোকান বাজারে ঘুরে কেনাকাটার ক্ষেত্রেও ছাপ পড়েছে কম কেনা-কাটার। জিএমভি রিপোর্ট অনুযায়ী, সিংহভাগ পণ্যের উৎপাদন ব্যয় অনেক বেড়ে গিয়েছে। তাই সাধারণত দীপাবলি অথবা উৎসবের মরশুমে যে ছাড় দেওয়া হয়, সেটা এবার অনেক কম দিতে পেরেছে উৎপানকারী সংস্থা অথবা বিক্রেতারা। আর তা‌ই আম জনতা দামি জিনিস সেভাবে কিনতে পারেনি। গৃহসজ্জা, পোশাক, দীপাবলির উপহার, সাংসারিক ব্যবহার্য পণ্য, স্মার্টফোন, গাড়ি, গৃহস্থালির পণ্য, ফ্যাশন অথবা সাজসজ্জার পণ্য প্রায় প্রতিটি ক্ষেত্রেই সস্তা ও মাঝারি দামের দিকেই ঝুঁকেছে সিংহভাগ মানুষ। ভালো ব্র্যান্ড, দামি পণ্যের দিকে ঝোঁক অনেক কম দেখা গিয়েছে। এক্সচেঞ্জ অফারের সংখ্যা এবার অনেক সীমিত। তাই ইলেকট্রনিক্স পণ্য বিক্রি যে হারে বৃদ্ধি পাওয়ার কথা সেটি হয়নি। উল্লেখযোগ্যভাবে সবথেকে বেশি যা বিক্রি বেড়েছে সেটি হল সংসারের নিত্যব্যবহার্য পণ্য। ৪০ শতাংশ বেড়েছে এই বিক্রি। অর্থাৎ প্রতি মাসে আম জনতা নাজেহাল হচ্ছে চাল, ডাল, তেল ও অন্য সাংসারিক পণ্য কিনতে। আর সেইসব পণ্য বেশি করে কিনেছে মানুষ। অথচ সাধারণত ভোগ্যপণ্যই দীপাবলিতে বেশি কেনা হত। এবার দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজোর মধ্যে দিয়েই সমাপ্ত হবে উৎসবের মরশুম। তারপরই ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই এক প্রস্থ দামবৃদ্ধি হতে চলেছে সব পণ্যের। অর্থাৎ নতুন বছর শুরু হবে মূল্যবৃদ্ধির মধ্যে দিয়ে।

Advertisement