বাড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী, ঋণের চাপে জর্জরিত অযোধ্যার মাঝি পরিবার
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অযোধ্যা: আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। বাড়িতে এসে ফুলবিক্রেতার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিন বছর পর ঋণের চাপে নাভিশ্বাস উঠেছে অযোধ্যার মীরা মাঝির পরিবারের। সম্প্রতি বিষয়টি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ১০ কোটি তম গ্রাহক মীরার বাড়িতে গিয়েছিলেন মোদি। দরিদ্র পরিবারটির বাড়িতে এক কাপ চাও খেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মীরা জানিয়েছেন, ‘বাড়িতে প্রধানমন্ত্রী আসার পর জেলা প্রশাসন, ব্যাংকের আধিকারিক সহ একাধিক কর্তাব্যক্তি এসেছিলেন। তাঁরা ফুলবিক্রির জন্য আমায় একটি স্থায়ী জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আমার স্বামীকেও নৌকা গড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। পরে নৌকার জন্য ঋণের ব্যবস্থা হয়।’ 
মীরা আরও জানিয়েছেন, ফুল বিক্রির জায়গার জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। জেলা প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। শেষপর্যন্ত ফুলবিক্রির পেশাই ছেড়ে দেন তিনি। পাশাপাশি বন্যা সহ একাধিক কারণে তাঁর স্বামীর আয়ও অনিয়মিত হয়ে গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,  দুই ভাগে ২ লক্ষ ৬১ হাজার ২৫০ টাকা ও ২৩ হাজার ৭৫০ টাকা ঋণ পেয়েছিল মাঝি পরিবার। ঋণ শোধ না করায় ২০২৬ সালের ৫ জুলাই তাঁদের বিরুদ্ধে নোটিস জারি করে ব্যাংক। 
ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেসের যুব নেতা শারদ শুক্লার আক্রমণ, ‘যাঁদের বাড়িতে এসে প্রধানমন্ত্রী চা খেয়েছিলেন, তাঁরাই এখন ঋণের ভারে জর্জরিত। এটাই মোদি মডেলের বাস্তব পরিস্থিতি।’ এদিকে জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনের পর অখিলেশ জমানার প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে ৫০ হাজার টাকা সাহায্য করেছেন মাঝি পরিবারকে। অযোধ্যার মেয়র তথা বিজেপি নেতা গিরিশপতি ত্রিপাঠী দিয়েছেন আরও ৬০ হাজার টাকা।