দিল্লি: দীপাবলির দূষণ ৫ বছরে সর্বাধিক
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের সময় বেঁধে দেওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার গভীর রাত পর্যন্ত দীপাবলি পালনের নামে দিল্লিতে ফাটল দেদার শব্দবাজি। ধোঁয়ায় ভরে গেল রাজধানী। সোমবার বেলার দিকে হাওয়া আর সূর্য কিরণের তেজে দমবন্ধ করা পরিস্থিতি থেকে রেহাই দিলেও গত পাঁচ বছরের রেকর্ড ভাঙল। এদিন সকালেও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭১। যা দীপাবলির পরের দিনের পরিবেশের ক্ষেত্রে ২০২১ সালের রেকর্ড ভেঙেছে। রবিবার রাতে দিল্লির একাংশে বাতাসে দূষণের মাত্রা ছিল হু’র বেঁধে দেওয়া সীমার চেয়ে প্রায় ৫১ গুণ বেশি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে’র রেকর্ডই বলছে, দীপাবলির দিন দিল্লিতে গড় বায়ুমান ছিল ৩৭৬।  তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। তোপ দেগেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি। পালটা সাফাইয়ে নেমেছে বিজেপি। 

Advertisement

কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, ‘মৃত্যুহার ও জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে মোদি সরকার দীর্ঘদিন ধরেই অস্বীকারের মনোভাব দেখায়। তা সে সংসদে হোক বা বাইরে। সতর্কবার্তা শোনেন না প্রধানমন্ত্রী।’ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘২০২৪ সালের নির্বাচনী প্রচারে মোদি এবং বিজেপি বলেছিল, অব কি বার চারশো পার। দিল্লির একিউআই তিন হাজার হয়ে গিয়েছে।’  আম আদমি পার্টির দিল্লির সভাপতি সৌরভ ভরদ্বাজের অভিযোগ, ‘আদতে বায়ুমান তিন হাজার ছাড়িয়ে গেলেও সরকার তা লুকিয়েছে। নিজেদের ইচ্ছামতো একিউআই সংখ্যা জানিয়েছে।’ তবে বিরোধীদের এই বক্তব্যকে ষড়যন্ত্র বলে মুখরক্ষার মরিয়া চেষ্টা করেছে বিজেপি। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর কারণেই ধোঁয়ায় ভরে গিয়েছে দিল্লি। এটা ষড়যন্ত্র। তবু গত কয়েক বছরের চেয়ে দীপাবলির জেরে দূষণ এবার অনেক কম। গত এক বছরের নিরিখে 
বিশ্বের সবচেয়ে দূষিত শহর উত্তরপ্রদেশের লোনি।