Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্মশ্রী: ৩৫ শতাংশ বেশি মজুরি নিশ্চিত করল রাজ্য

কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে দেওয়ায় ২০২২-২৩ অর্থবর্ষ থেকে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এর মাধ্যমে সমস্ত দপ্তরের প্রকল্পে কাজ দেওয়া হয় রাজ্যের জবকার্ড হোল্ডারদের।

কর্মশ্রী: ৩৫ শতাংশ বেশি  মজুরি নিশ্চিত করল রাজ্য
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে দেওয়ায় ২০২২-২৩ অর্থবর্ষ থেকে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এর মাধ্যমে সমস্ত দপ্তরের প্রকল্পে কাজ দেওয়া হয় রাজ্যের জবকার্ড হোল্ডারদের। পঞ্চায়েত দপ্তর এই কাজের তদারকির দায়িত্বে রয়েছে। আর সেই কারণেই মঙ্গলবার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের পদস্থ কর্তারা। প্রতিটি দপ্তরকে এই প্রকল্পের মাধ্যমে কাজ দেওয়ার হার বাড়ানোর কথা বলা হয়েছে বলেই সূত্রের খবর। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে দেওয়া মজুরি বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫ শতাংশ। চলতি অর্থবর্ষে এই হার আরও বাড়ানোর টার্গেট ধার্য করা হয়েছে বলেও সূত্রের খবর। জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ৬৪.৩১ লক্ষ জবকার্ড হোল্ডারকে কাজ সুনিশ্চিত করেছে রাজ্য। সৃষ্টি হয়েছে ২৭.৪৮ কোটি শ্রমদিবস। মজুরি প্রদানে করা হয়েছে ৬১৯৯ কোটি টাকা। সেই জায়গায়, ২০২৪-২৫ অর্থবর্ষে ৭৪.৪৬ লক্ষ জবকার্ড হোল্ডার কাজ পেয়েছেন। সৃষ্টি হয়েছে ৪২.৯২ কোটি শ্রমদিবস। মজুরি দেওয়া হয়েছে ৮৩৩৪ কোটি টাকা। প্রসঙ্গত, গত সপ্তাহের পর্যালোচনা বৈঠকে রাজ্যের জবকার্ড হোল্ডারদের আরও বেশি করে কাজ দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে রাজ্য থেকে বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কাজ আরও বেশি সুনিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে, বিগত অর্থবর্ষে ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন পরিযায়ী শ্রমিকের কাজ কর্মশ্রী প্রকল্পেনিশ্চিত করা হয়েছে। তবে রাজ্যের প্রত্যেক পরিযায়ী শ্রমিক যাতে কাজ পান, সেই লক্ষ্যে পদক্ষেপ করার কথাও এদিনের বৈঠকে হয়েছে বলে জানা গিয়েছে। এই কাজের জন্য যে নতুন পোর্টাল তৈরি করা হয়েছে, তাতে যাঁদের কাজ দেওয়া হচ্ছে, তাঁদের সমস্ত তথ্য তোলা বাধ্যতামূলক বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সার্বিকভাবে চলতি অর্থবর্ষে অন্তত ৪৫ কোটি শ্রমদিবস তৈরির টার্গেট নেওয়া হয়েছে। এই বছর এপ্রিল এবং মে মাসে এখনও ২৩টি দপ্তর ২৩ হাজার ৭৫৬ জন জবকার্ড হোল্ডারকে কাজ দিয়েছে। সৃষ্টি হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার শ্রমদিবস। মজুরি দেওয়া হয়েছে ১১.১৮ কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ