


তেহরান: মিনাবের ১৬৫ জন নিরীহ স্কুলপড়ুয়ার মৃত্যুর নেপথ্যে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিডিয়ো দেখিয়ে বিষয়টা প্রমাণ করেছে বেলিংক্যাট নামে আন্তর্জাতিক তদন্তকারী গোষ্ঠী। জবাবে আমেরিকায় বড়োসড়ো সাইবার হামলা চালাল ইরানের হ্যাকার গোষ্ঠী।
জানা যাচ্ছে, ইরান-ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠী হান্ডালা আমেরিকার বিখ্যাত মেডিকেল প্রযুক্তি সংস্থা স্ট্রাইকারে সাইবার হামলা চালিয়েছে। হ্যাকারদের দাবি, এই সাইবার আক্রমণের ফলে বিশ্বজুড়ে স্ট্রাইকারের প্রায় দু’লক্ষ কম্পিউটার, সার্ভার ও মোবাইল ডিভাইস ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্তত ৫০ টেরাবাইট সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে তারা। হ্যাকাররা জানিয়েছে, মিনাবের স্কুলে মার্কিন হামলার প্রতিশোধ হিসাবেই এই সাইবার আক্রমণ। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সাইবার হামলায় স্ট্রাইকারের নেটওয়ার্কে বড়ো ধরনের সমস্যা দেখা দেয়। দীর্ঘক্ষণ সংস্থার আইটি সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। হ্যাকাররা দাবি করেছে, বহু গুরুত্বপূর্ণ তথ্য সিস্টেম থেকে মুছে দেওয়া হয়েছে।
যদিও স্ট্রাইকার জানিয়েছে, এর ফলে চিকিৎসা পরিষেবায় সরাসরি কোনো প্রভাব পড়েনি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় তারা তদন্ত শুরু করেছে।