


ইন্তার মায়ামি- ৪ : মন্ট্রিয়ল- ২
(মেসি-২, সুয়ারেজ- ২) (দন্তে, ভিক্টর)
ফ্লোরিডা: চার ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল ইন্তার মিয়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারে ঘরের মাঠে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। জোড়া গোলে ম্যাচের নায়ক লায়োনেল মেসি ও লুইস সুয়ারেজ। আপফ্রন্টে এই দুই তারকা জ্বলে উঠতেই ঢেকে যায় যাবতীয় দুর্বলতা। তবে দল জিতলেও রক্ষণ নিয়ে উদ্বেগ থেকেই যাবে কোচ হাভিয়ের মাসচেরানোর। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধেও দু’গোল হজম করে ইন্তার মায়ামি। মন্ট্রিয়লের দুই গোলদাতা দন্তে সিয়ালে ও ভিক্টর লটুরি। এই জয়ের সুবাদে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট হল তাদের। তবে ষষ্ঠস্থানেই রইল মায়ামির ক্লাবটি।
চলতি মরশুমের শুরুটা দারুণ করেছিল ইন্তার মায়ামি। একটা সময় লিগ টেবিলে শীর্ষে ছিল তারা। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমি-ফাইনালে হারের পাশাপাশি মেজর লিগ সকারেও একের পর এক পয়েন্ট নষ্ট করে তারা। শেষ চার ম্যাচের দু’টি হারেন মেসিরা। বাকি দু’টিতে ড্র হয়। বৃহস্পতিবার অবশ্য লিগের লাস্ট বয়দের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরে ইন্তার মায়ামি। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে জাল কাঁপান আর্জেন্তাইন মহাতারকা (১-০)। বিরতিতে এক গোলের লিড নিয়ে মাঠ ছাড়েন তাঁরা।
৬৮ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান বাড়ান সুয়ারেজ (২-০)। তিন মিনিটের মধ্যেই ম্যাচে দ্বিতীয় গোলটি সেরে ফেলেন উরুগুয়ান তারকা (৩-০)। ম্যাচে তিন গোলে লিড নিয়েও রক্ষণের ব্যর্থতায় গোল হজম করে ইন্তার মায়ামি। মন্ট্রিয়লের হয়ে ব্যবধান কমান দন্তে সিয়ালে (৩-১)। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোল দলের জয় নিশ্চিত করে (৪-১)। এরপর সংযোজিত সময়ে ফের এক গোল হজম করেন সুয়ারেজরা। এবার স্কোরশিটে নাম তোলেন ভিক্টর লটুরি (৪-২)। স্বাভাবিকভাবেই জয়ের দিনে ডিফেন্স উদ্বেগে রাখল মেসিদের।