নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশা-আকাঙ্ক্ষার দোলাচলে ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ। হংকংয়ের বিরুদ্ধেই হয়তো শেষবার তাঁকে ডাগ-আউটে দেখা যাবে। তাই বিদায়ের আগে দলকে জয়ের সরণিতে ফেরানোই লক্ষ্য স্প্যানিশ কোচের। তার আগে অবশ্য থাইল্যান্ডের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। তার জন্য বুধবার ২৮ জনের দলই বেছে নিলেন মানোলো। ফলে কলকাতায় শিবিরে যোগ দেওয়া সকল ফুটবলার নিয়েই বুধবার রাতে থাইল্যান্ড পৌঁছল ভারতীয় দল। ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের উপরেও জোর দিয়েছেন ভারতীয় কোচ। সুনীল, সন্দেশদের সঙ্গে স্কোয়ার্ডে রাখা হয়েছে সুহেল ভাট, অয়ূষ ছেত্রীদের।
২০১৯ সালে এএফসি এশিয়ান কাপে শেষবার থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার ৪-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুনীলরা। এবারও সেই ছন্দ বজায় রাখতে মরিয়া কোচ মানোলো। তবে কাজটা বেশ কঠিন। গত ১৯ মে কলকাতায় জাতীয় শিবির শুরু করেছিলেন কোচ মানোলো। এরপর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ছাংতে, মনবীরা। দুই ম্যাচে জয় পেলেও খেলার মানে বিশেষ ইতিবাচক নয়। এমন পরিস্থিতিতে একরাশ উদ্বেগ নিয়েই ব্যাংকক পৌঁছলেন স্প্যানিশ কোচ। বৃহস্পতিবার স্থানীয় মাঠে অনুশীলন করবেন মনবীর, লিস্টনরা। আগামী বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায় থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। এরপর আগামী বৃহস্পতিবার হংকং যাবে ব্লু টাইগার্সরা। সেখানে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে মানোলো ব্রিগেড।