Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাক চ্যানেল-সেলেবদের উপর নিষেধাজ্ঞা তুলল ভারত? জল্পনা

অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের বেশিরভাগ নিউজ চ্যানেলের উপর ভারতে ‘নিষেধাজ্ঞা’ জারি করা হয়। একইভাবে বহু সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ‘ব্যান’ করা হয়।

পাক চ্যানেল-সেলেবদের উপর নিষেধাজ্ঞা তুলল ভারত? জল্পনা
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের বেশিরভাগ নিউজ চ্যানেলের উপর ভারতে ‘নিষেধাজ্ঞা’ জারি করা হয়। একইভাবে বহু সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ‘ব্যান’ করা হয়। কিন্তু বুধবার থেকে ফের ভারতে ওই চ্যানেলগুলি দেখা যাচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন পাক অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ফিরে এসেছে। এরপরই জল্পনা ছড়িয়েছে, তাহলে কি ভারত ওই নিষেধাজ্ঞা তুলে নিল? যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ে সরকারিভাবে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এদিন হঠাত্ই দেখা যায়, সাবা কামার, আহাদ রাজা মির, দানিশ তৈমুরের মতো পাক অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে আগের মতোই খুলছে। অপারেশ সিন্দুর চলাকালীন ভারত বিরোধী মন্তব্য করার জন্য তাঁদের অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছিল। ফের অ্যাকাউন্টগুলি দেখতে পেয়েই সেগুলির স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করতে শুরু করেন নেটিজেনরা। কেন্দ্র কেন নিষেধাজ্ঞা তুলে নিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির বা আতিফ আসলামের মতো জনপ্রিয় অভিনেতা ও গায়কদের অ্যাকাউন্ট এখনও ভারতে ‘আনঅ্যাভেলেবল’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ