ওয়াশিংটন: আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর ভারত-আমেরিকা। বুধবার যৌথভাবে এই বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ও মার্কিন উপ বিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো। ওয়াকিবহাল মহলের মতে, ভারত-পাক উত্তেজনার মধ্যে দু’দেশের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২৭ মে দু’দিনের আমেরিকা সফরে যান মিস্রি। বুধবার ওয়াশিংটনে মার্কিন উপ বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে অভিবাসন ও মাদক প্রতিরোধ অভিযানের উপর বিশেষ গুরুত্ব দেন ল্যান্ডো। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা বলেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, খুব ভালো বৈঠক হয়েছে। বিবৃতি দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারত-আমেরিকা অংশীদারিত্বের দিকটি তুলে ধরেন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি লেখেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন দু’জনে।’ মিস্রির সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুর। মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন অ্যান্ডি বেকার। এক্স হ্যান্ডলে ভারতীয় দূতাবাস লিখেছে, ‘হোয়াইট হাউসে প্রতিরক্ষা, বিদ্যুৎ, কোয়াড সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।’



