নয়াদিল্লি: জব্বর যুক্তি বটে! ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এরমধ্যে ২৫ শতাংশ পণ্য শুল্ক। বাকি ২৫ শতাংশ রাশিয়ার থেকে তেল ও জ্বালানি কেনার জন্য ভারতকে ‘শাস্তি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ চীনও একই কাজ করে পার পায় কী করে? রুশ তেল ও জ্বালনির সবচেয়ে বড় ক্রেতাই তো চীন। সোমবার এই প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, ‘রাশিয়ার থেকে চীন অপরিশোধিত তেল কেনে। এর বেশিরভাগটাই পরিশোধনের পর আন্তর্জাতিক বাজারে বিক্রি করে। চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে।’ একই কাজ করে ভারতের উপর কেন শুল্ক চাপানো হল, তা খোলসা করেননি রুবিও।



