Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক বাণিজ্য নীতির প্রতিবাদ, পিওকে-তে তিনদিন ধরে হাইওয়ে অবরোধ

বালুচিস্তানে একের পর এক এলাকার দখল নিচ্ছে বিদ্রোহীরা। তার মধ্যেই এবার পাকিস্তানের শাহবাজ শরিফের সরকারের মাথাব্যথা বাড়ালেন পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।

পাক বাণিজ্য নীতির প্রতিবাদ, পিওকে-তে তিনদিন ধরে হাইওয়ে অবরোধ
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: বালুচিস্তানে একের পর এক এলাকার দখল নিচ্ছে বিদ্রোহীরা। তার মধ্যেই এবার পাকিস্তানের শাহবাজ শরিফের সরকারের মাথাব্যথা বাড়ালেন পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। শাহবাজ সরকারের বাণিজ্য নীতির প্রতিবাদ জানিয়ে তিনদিন ধরে গিলগিট-বালটিস্তানে কারাকোরাম হাইওয়ে অবরোধ করে রেখেছেন সেখানকার বাসিন্দারা। এই হাইওয়ের মাধ্যমে পাকিস্তান ও চীনের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডর (সিপিইসি)-এর গুরুত্বপূর্ণ অংশও এই রাস্তা। অবরোধ শুরু হওয়ায় চাপ বেড়েছে বেজিংয়ের উপরেও। অবরোধের জেরে ওই রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ব্যবসা। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই শাহবাজের দলের সমর্থক। ফলে দলের অন্দরেও এই নিয়ে শাহবাজের উপর চাপ বাড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রীর দল পিএমএল (এন)-এর এক নেতার ক্ষোভ, সরকার জঙ্গিদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করলেও, ব্যবসায়ীদের সাহায্যের জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছে না। 

Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি খুঞ্জেরাস পাস দিয়ে বাণিজ্যে বিধিনিষেধ জারি করেছে শাহবাজ সরকার। এই বাণিজ্য নীতির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানি ও রপ্তানিকারকরা। খুঞ্জেরাস পাস বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার দোকানদার, শ্রমিক সহ বাণিজ্যের সঙ্গে যুক্ত সকলেরই রোজগার বন্ধ হয়ে গিয়েছে। গিলগিট-বালটিস্তানে অন্য কোনও চাকরির সুযোগ না থাকায় ভেঙে পড়েছে এলাকার অর্থনৈতিক ব্যবস্থা। পাক সরকারের নীতিকে ‘অর্থনৈতিক খুন’ ও ‘শোষণমূলক’ বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নীতি পরিবর্তনের জন্য বারবার দাবি জানিয়ে লাভ না হওয়ায় গিলগিট-বালটিস্তানের গুলমত নগরে কারাকোরাম হাইওয়ের উপরে বসে পড়েন তাঁরা। সূত্রের খবর, ব্যবসায়ী ছাড়াও বিক্ষোভকারীদের মধ্যে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরাও রয়েছেন। দাবি না মেটা পর্যন্ত রাস্তা ছেড়ে ওঠার কোনও প্রশ্ন নেই বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ