নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৮৫ ঊর্ধ্ব ভোটারদের পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের জন্যও বাড়িতে শুনানির দাবি জানাল তৃণমূল কংগ্রেস। যদিও সোমবার জারি করা এক নির্দেশে কমিশন জানিয়েছিল, অসুস্থ ব্যক্তিদের শুনানিও বাড়িতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি, সেই নির্দেশ সর্বস্তরে পৌঁছোয়নি। এই নির্দেশ সর্বস্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক কমিশন। মঙ্গলবার কমিশনের অফিসে গিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল। ওই দলে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বাপি হালদার, মন্ত্রী পুলক রায়, শশী পাঁজা ও বিরবাহা হাঁসদা। বৈঠকের পর পার্থ ভৌমিক বলেন, দেশের অন্য প্রান্ত বা বিদেশে যাঁরা রয়েছেন তাঁদের ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানানো হয়েছে। এদিকে, এদিন এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। পাশাপাশি, বহুতল ভবন এবং আবাসনগুলিতে বুথ তৈরির বিষয়ে কলকাতা-সহ রাজ্যের আটজন ডিইও’র সঙ্গেও এদিন জ্ঞানেশ ভারতী বৈঠক করেন।



