দলিলে উল্লেখ না থাকলে ফ্ল্যাট কিনলে পার্কিংয়ের অধিকার মিলবে না: হাইকোর্ট
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফ্ল্যাট কেনা মানেই তার সঙ্গে গাড়ি পার্ক করার জায়গার অধিকার মিলবে এমন নয়। বিক্রয় দলিল বা ডিডে স্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে ফ্ল্যাটের মালিকানা পেলেও পার্কিংয়ের জায়গার উপর কোনো আইনি দাবি পাওয়া যায় না বলে জানাল কলকাতা হাইকোর্ট।

Advertisement

বিচারপতি পার্থসারথি সেনের সিঙ্গল বেঞ্চে একটি মামলা করেছিলেন শ্রবণ কুমার আগরওয়াল নামে এক ব্যক্তি। গলফ গ্রিন আরবান কমপ্লেক্সে ‘৩এ’ নম্বর ফ্ল্যাটটি জয়ন্তকুমার বসু এবং অনিতা বসুর কাছ থেকে কিনেছিলেন তিনি। ১৯৯৩ সালের ৩০ মার্চ একটি রেজিস্টার্ড দলিলের মাধ্যমে ফ্ল্যাটটির মালিকানা হস্তান্তর হয়। ওই দিনই পূর্বতন মালিকরা একটি পৃথক চিঠিতে শ্রাবণকে আশ্বস্ত করেছিলেন, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে পার্কিংয়ের জায়গার বরাদ্দ পাওয়ার পর তাঁরা সেটি তাঁকে হস্তান্তর করবেন। ১৯৯২ সালের নভেম্বরে বসু দম্পতি হাউজিং বোর্ডের কাছে পার্কিংয়ের আবেদন করে ৭ হাজার টাকা জমা দিয়েছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে বোর্ড প্রথমে ‘বিজি-৩’ এবং পরে ১৯৯৭ সালের ২৯ অক্টোবর ‘বিজি-৯’ নম্বর পার্কিং স্পেস জয়ন্তকুমার বসুর নামে বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তীকালে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর হাউজিং বোর্ড একটি মেমোরেন্ডাম জারি করে ১৯৯৭ সালের সেই বরাদ্দ বাতিল করে দেয়। বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান ফ্ল্যাট মালিক শ্রবণ কুমার আগরওয়াল। আবেদনকারীর আইনজীবী সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৮ নম্বর ধারার উল্লেখ করে সওয়াল করেন, ফ্ল্যাট কেনার সঙ্গে সঙ্গেই পূর্বতন মালিকদের প্রাপ্য পার্কিংয়ের অধিকারও বর্তমান মালিকের উপর বর্তায়। 
প্রয়োজনীয় মূল্য, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিতে রাজি ছিলেন আবেদনকারী। পালটা সওয়ালে হাউজিং বোর্ড জানায়, ১৯৯৩ সালে ফ্ল্যাট বিক্রির যে রেজিস্টার্ড দলিল হয়েছিল, তাতে গাড়ি পার্কিংয়ের কোনো উল্লেখ ছিল না। ফলে শুধুমাত্র ফ্ল্যাট কেনার ভিত্তিতে তিনি পৃথকভাবে পার্কিংয়ের দাবি করতে পারেন না। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সেন সমস্ত নথি যাচাই করে নির্দেশে জানান, যেহেতু পূর্বতন মালিকরা কখনও পার্কিংয়ের মালিকানা পাননি এবং বর্তমান মালিকের দলিলেও এর কোনো উল্লেখ নেই, তাই আপনা আপনি তা হস্তান্তরের প্রশ্ন ওঠে না। মামলাকারীর আবেদনটি খারিজ করে দেন বিচারপতি। -ফাইল ছবি