নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকায় নারায়ণ স্টুডিয়োর ভিতরে এক টেকনিশিয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। ভিজে ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ২০ ফুট উঁচু ছাদ থেকে পড়ে যান। মৃত্যু হয় ৩২ বছর বয়সি যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চন্দ্রকান্ত সাঁই। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ওড়িশার বাসিন্দা তিনি। কর্মসূত্রে জোকার ওই স্টুডিয়োতেই থাকতেন চন্দ্রকান্ত।
হরিদেবপুর থানা এলাকার অন্তর্গত জোকার ওই স্টুডিয়োয় একটি ধারাবাহিকের শ্যুটিং চলছিল। গত মঙ্গলবার ওড়িশা থেকে এসে কাজে যোগ দিয়েছিলেন চন্দ্রকান্ত। অন্যান্য কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাজ করছিলেন তিনি। এরপর ছাদের উপরে আলো নিয়ন্ত্রণের কাজে যান চন্দ্রকান্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছাদের ধারে দাঁড়িয়ে কাজ করছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সংজ্ঞাহীন হয়ে ২০ ফুট উপর থেকে নীচে পড়ে যান তিনি। শরীরের একাধিক জায়গায় চোট লাগে। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওড়িশায় মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের দাবি, শুক্রবার দিনভর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যেই বিদ্যুতের কাজ করছিলেন যুবক। সেই কারণেই কোনোভাবে ভেজা ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। লালবাজার জানিয়েছে, এই ঘটনায় কারও কোনো গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের তরফে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি হরিদেবপুর থানায়।



