কসবা: জানুয়ারি থেকে লালবাজারে যাচ্ছিলেন না ধৃত মহিলা সিভিক
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা কাণ্ডে ধৃত মহিলা সিভিক চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা চলতি বছরের জানুয়ারি মাস থেকে আর লালবাজারে অফিসে যাচ্ছিলেন না। কসবা কাণ্ডের তদন্তে এই তথ্য হাতে এসেছে কলকাতা পুলিশের। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রথমে হরিদেবপুর থানা তারপর লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরতা ছিলেন ধৃত সিভিক। কিন্তু জানুয়ারি থেকে কাজে না যাওয়ায়, প্রায় গত দশ মাস ধরে তিনি কোনও বেতন পাচ্ছিলেন না। কলকাতা পুলিশের দাবি, ধৃত সিভিকের বিজয়গড়ের বাড়িতে রক্তের সম্পর্কে কেউ নেই। এক বান্ধবীর সঙ্গে একসঙ্গে থাকতেন তিনি। স্বাভাবিকভাবেই বেতন বন্ধ হওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েন তিনি। এ থেকে লালবাজারের গোয়েন্দাদের অনুমান, ওই সিভিকের কোনও মাসিক আয় না থাকায় সম্ভবত চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েছিলেন। 

Advertisement

ফলে ফাঁকা সময়ে বাইকে করে কলকাতা শহরের অলি-গলিতে ঘুরে বেড়াতেন লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরতা ওই মহিলা সিভিক। ফাঁকা বাড়ি পেলেই সুযোগ বুঝে মোবাইল, ঘড়ি, গয়না হাতসাফাই করতেন!  তাই কসবা থানার হেপাজতে থাকা ধৃত সিভিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা। তাঁদের বিশ্বাস, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে, সাম্প্রতিক অতীতে কলকাতা শহরে সকালে এবং দুপুরের দিকে হওয়া বেশ কিছু চুরির কিনারা হতে পারে।