বিবাদের জেরে তরুণকে ছুরি মেরে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনো আক্রোশের জেরে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা হল এক তরুণকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বন্দরের নাদিয়াল এলাকায়। তরুণের পেটে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। অভিযুক্ত মহম্মদ কুরবানকে রাতেই গ্রেপ্তার করেছে থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় যুবক ইমরানের সঙ্গে পুরনো বিবাদ ছিল কুরবানের। অভিযোগ, শুক্রবার এই নিয়ে দু’জনের মধ্যে ফের ঝামেলা হয়। তখন আচমকাই ছুরি দিয়ে ইমরানের পেটে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন অভিযুক্ত। তিনি রক্তাক্ত হয়ে পড়লে পালান কুরবান। স্থানীয় বাসিন্দারা ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি ভর্তি আছেন।
খবর পেয়ে আসে পুলিশ। ইমরানের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার কেস রুজু হয়। রাতে ধরা পড়েন কুরবান। শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, তাঁকে জেরা করে বিবাদের কারণ জানতে হবে। সওয়াল শেষে তাঁকে পুলিশি হেপাজতে পাঠায় আদালত।